লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় যৌতুক না পেয়ে এক স্বামী তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতনের পর মুখে হারপিক (শৌচাগার পরিষ্কারক) ঢেলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে তাঁর গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে।এ ঘটনায় গৃহবধূ বিউটি আক্তার গত রোববার লক্ষ্মীপুর মুখ্য বিচারিক হাকিমের আদালতে স্বামী মো. মিলনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।মামলার আরজিতে উল্লেখ করা হয়, উপজেলার উত্তর কেরোয়া গ্রামের সিরাজ উল্লার মেয়ে বিউটি আক্তারের সঙ্গে গত বছরের ১১ অক্টোবর একই গ্রামের আনোয়ার উল্লার ছেলে মো. মিলনের বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন সময়ে নানা অজুহাতে বিউটিকে নির্যাতন করতে থাকেন স্বামী মিলন। সর্বশেষ ৭ মে মিলন তাঁর শ্বশুরবাড়িতে গিয়ে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। শ্বশুরবাড়ির লোকজন টাকা দিতে অপারগতা জানালে মিলন শ্বশুরবাড়িতেই স্ত্রীকে বেদম মারধর করেন। একপর্যায়ে তাঁর মুখে হারপিক ঢেলে দেন। এতে বিউটির গর্ভের দুই মাসের সন্তান নষ্ট হয়ে যায়।এদিকে মামলা করার পর থেকে মিলনের লোকজন বিউটির পরিবারকে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিউটি এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।রায়পুরার একটি কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে বিউটি আক্তার অভিযোগ করেন, তাঁর স্বামী মিলন মাদকাসক্ত। মাদক সেবনের জন্য বিয়ের কয়েক দিনের মাথায় তিনি তাঁর স্বর্ণালংকার ও ঘরের মূল্যবান জিনিসপত্র বিক্রি করে দেন। এ ছাড়া প্রায়ই তাঁকে শারীরিকভাবে নির্যাতন করেন মিলন। কিছুদিন আগে তাঁর বাবা সিরাজ উল্লার বিরুদ্ধে একটি প্রতারণার ‘মিথ্যা’ মামলা করেন মিলন। ওই মামলায় এখনো তাঁর বাবা কারাগারে।স্থানীয় ইউপি সদস্য কুলসুমা বেগম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নির্যাতনের শিকার বিউটি যৌতুক দাবির বিষয়টি আমাকে জানিয়েছেন। ঘটনাটি অমানবিক। আমি তাঁদের আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিই।’এ ব্যাপারে কথা বলতে বিউটির স্বামী মিলনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। একপর্যায়ে মুঠোফোনটি বন্ধ করে দেওয়া হয়।