বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একজন জ্যেষ্ঠ নার্স ও তাঁর স্বামীকে গতকাল বৃহস্পতিবার পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ। এ দুজনের বিরুদ্ধে হাসপাতালের একজন চিকিৎসকের ওপর হামলার অভিযোগ উঠেছে।
হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শিরিন সাবিহা বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার পর হাসপাতালের বহির্বিভাগে বিদ্যুৎ না থাকায় রোগী দেখতে সমস্যা হচ্ছিল। তারপরও শিশু বহির্বিভাগের চিকিৎসক আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফায়জুল হক টর্চ জ্বালিয়ে রোগী দেখছিলেন। হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স এলিজা বেগম ও তাঁর স্বামী মো. শাহ আলম ভূঁইয়া নিজেদের শিশুসন্তানকে নিয়ে চিকিৎসক ফায়জুলের কক্ষে আসেন। তাঁরা সিরিয়াল ছাড়াই ছেলেকে দেখাতে চাইলে চিকিৎসক ফায়জুল তাতে অপারগতা প্রকাশ করেন। তিনি ছেলেটিকে পাশের কক্ষে দায়িত্বরত চিকিৎসা কর্মকর্তাকে দেখানোর পর তাঁর কাছে আনার অনুরোধ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে শাহ আলম ও এলিজা ক্ষিপ্ত হয়ে চিকিৎসক ফায়জুলের জামার কলার ধরে টানাহেঁচড়া শুরু করেন ও মারধর করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, বিষয়টি জানাজানি হলে অন্য চিকিৎসকেরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। চিকিৎসকেরা কাজ বন্ধ করে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে অবস্থান নেন। তাঁরা ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিচালকের কাছে দাবি জানান। হাসপাতাল কর্তৃপক্ষ এলিজা বেগম ও তাঁর স্বামী মো. শাহ আলম ভূঁইয়াকে বেলা একটার দিকে বরিশাল কোতোয়ালি মডেল থানা-পুলিশের হাতে তুলে দেয়। এরপর বেলা দেড়টার দিকে চিকিৎসকেরা নিজেদের কর্মস্থলে ফিরে যান।
ফায়জুল হক বলেন, এলিজা ও তাঁর স্বামী শাহ আলম বিনা কারণে রেগে গিয়ে এ ঘটনা ঘটান। তিনি তাঁদের উপযুক্ত শাস্তি চান।
হাসপাতালের উপপরিচালক (ভারপ্রাপ্ত পরিচালক) মো. আবদুল কাদির বলেন, ওই দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।