নবীনগরে চাঞ্চল্যকর দুলেহা হত্যা মামলায় গত রোববার তাঁর স্বামী সেনাসদস্য রফিকুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে রফিকুল ইসলাম, শামীম আহমেদ ও আক্তার হোসেন (ছোট) বর্তমানে জেলহাজতে আছেন। অভিযুক্ত বাকি দুই আসামি আরশ আলী ও আক্তার হোসেন (বড়) পলাতক আছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ল্যান্স করপোরাল রফিকুল ইসলাম (৩৮) ২০০৯ সালের ১০ জুলাই তাঁর দ্বিতীয় স্ত্রী দুলেহা বেগমকে (২৬) সঙ্গে নিয়ে গ্রামের বাড়ি নবীনগর উপজেলার বিদ্যাকুটে ফিরছিলেন। রাত আটটার দিকে মহেশ সড়কে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খুন হন রফিকুলের স্ত্রী দুলেহা বেগম। ঘটনার পরদিন দুলেহার শ্বশুর আবুল হোসেন অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে নবীনগর থানায় মামলা করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, ‘পুলিশ তদন্ত করে জানতে পেরেছে, পারিবারিক কলহের কারণে স্বামীই ৬০ হাজার টাকায় খুনি ভাড়া করে ছিনতাইয়ের নাটক সাজিয়ে তাঁর দ্বিতীয় স্ত্রীকে খুন করান।’