স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে গৃহবধূ জোহরাতুল জান্নাত (১৮) হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে থানায় জান্নাতের বড় ভাই মনজুর আলম বাদী হয়ে স্বামীসহ পাঁচজনের নামে মামলা করেন। পরিবারের অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে জান্নাতকে হত্যা করেছে।
জান্নাতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, আট মাস আগে উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া বারিয়াপাড়ার বাসিন্দা শহিদুল্লাহর সঙ্গে একই ইউনিয়নের ধলঘাটপাড়ার জোহরাতুল জান্নাতের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য জান্নাতকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করছিল শ্বশুরবাড়ির লোকজন। স্বামীর নির্যাতনের কারণে বিয়ের তিন মাস পর জান্নাত বাবার বাড়ি চলে যান। পাঁচ মাস বাবার বাড়িতে থাকার পর দুই সপ্তাহ আগে তিনি স্বামীর বাড়িতে আসেন। কিন্তু কয়েক দিন না যেতেই তাঁর ওপর আবার নির্যাতন শুরু হয়। গত শনিবার রাতে জান্নাতকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জান্নাতের বড় ভাই মনজুর আলম বলেন, বিয়ের পর থেকে তাঁর বোনকে নির্যাতন করা হতো। স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের মারধরের কারণেই জান্নাত মারা যান।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক প্রথম আলোকে বলেন, গৃহবধূ জান্নাত হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।