স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে সেই তরুণীর মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার কাহালু উপজেলার ছাইপাড়া গ্রামে স্বামীর বাড়ির সামনে অনশন করা তরুণী শিকা আকতার (১৯) গতকাল মঙ্গলবার স্বামী মেহেদী হাসানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। যৌতুক দাবি ও নারী নির্যাতনের অভিযোগে বেসরকারি সংস্থা ব্র্যাকের সহায়তায় তিনি বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে এই মামলা করেন। মামলার আসামিরা হলেন মেহেদী হাসান, তাঁর বাবা বাবুল হোসেন, মা জোসনা বেগম ও মেহেদীর চাচাতো ভাই মন্টু মিয়া ও বোন সালমা খাতুন। গ্রামবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি মেহেদী শিকার কাছে যৌতুক দাবি করেন। যৌতুক দিতে না পারায় মেহেদী তাঁকে প্রত্যাখ্যান করেন। এরপর শিকা স্ত্রীর মর্যাদার দাবিতে ২৬ মে থেকে অনশন শুরু করেন। এ নিয়ে ‘প্রথম আলো’য় সংবাদ ছাপা হওয়ার পর ব্র্যাকের মানবাধিকার ও আইন-সহায়তা কর্মসূচির কর্মীরা ২৮ মে ঘটনাস্থলে গিয়ে শিকার অনশন ভাঙান।