স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিপা রানী দের (২৪) রহস্যজনক মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। গতকাল রোববার সিলেট মহানগরের শাহপরান থানায় নিপার ভাই জয় দে বাদী হয়ে মামলা করেন। মামলায় নিপার স্বামী ভুবনজয় দাস, তাঁর মা, বোনসহ পরিবারের পাঁচ সদস্যকে আসামি করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, হবিগঞ্জের আদালত পুলিশের পরিদর্শক পদে কর্মরত জীবনকৃষ্ণ দের মেয়ে নিপা রানী দের মৃতদেহ নগরের টিলাগড় এলাকার বাসার শয়নকক্ষ থেকে গত বৃহস্পতিবার রাতে উদ্ধার করে পুলিশ। সিলেট লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী নিপার সঙ্গে প্রায় দুই মাস আগে ওষুধ ব্যবসায়ী ভুবনজয় দাসের বিয়ে হয়েছিল। ভুবনজয়ের বাড়ি সিলেটের ওসমানীনগর থানার কৃষ্ণপুর গ্রামে। নগরের শিবগঞ্জ এলাকায় তিনি ওষুধের ব্যবসা করেন। স্ত্রী নিপাকে নিয়ে ভুবন টিলাগড় এলাকার একটি আবাসিক ভবনে বসবাস করতেন। একই ভবনে ভুবনজয়ের মায়ের পরিবারও থাকে। পারিবারিক কলহের জের ধরে ভুবনজয়সহ তাঁর পরিবারের সদস্যরা নিপাকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। যোগাযোগ করলে নিপার পরিবার থেকে জানানো হয়, ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল তৎপরতা চালিয়েছে। শুরুর দিকে পুলিশও অনেকটা প্রভাবিত হওয়ার ভূমিকায় অবতীর্ণ হয়। পরে অবশ্য ঘটনার বাস্তবতায় পুলিশ মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক নিপার একজন আত্মীয় জানান, শয়নকক্ষের বিছানা থেকে নিপার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় বিছানা এলোমেলো ছিল। নিপার হাতের শাঁখা ভাঙা ছিল। গলায় ওড়না প্যাঁচানো থাকলেও কালচে দাগ ও একাংশে জখম ছিল। পুলিশ আলামত সংগ্রহ এবং সুরতহাল প্রতিবেদনে এ বিষয়গুলো উল্লেখ করেছে।নিপার বাবা জীবনকৃষ্ণ দে বলেন, ‘নিপাকে তো আর ফিরে পাব না। একজন পুলিশ সদস্য হয়ে আমি সহকর্মীদের ওই ঘটনার সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানাচ্ছি।’ মামলা হওয়ার পর ঘটনার তদন্ত সুষ্ঠুভাবে হচ্ছে জানিয়ে গতকাল সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার অমূল্য ভুষণ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তদন্ত চলছে। সংশোধনী: ‘সিলেটে বিশ্ববিদ্যালয়ছাত্রীর লাশ উদ্ধার, স্বামী লাপাত্তা’ শিরোনামে গত শনিবার প্রথম আলোর বিশাল বাংলা পাতায় প্রকাশিত প্রতিবেদনে ছাত্রীর মা-বাবা একই ভবনে বসবাস করেন বলে উল্লেখ করা হয়েছিল। পুলিশের বরাত দিয়ে প্রকাশিত এ তথ্য সঠিক নয়। তাঁরা নগরের মেজরটিলা এলাকায় বসবাস করেন। এ ছাড়া ওই প্রতিবেদনে ছাত্রীর ভাইয়ের নাম ভুল ছাপা হয়েছিল।