স্বামীসহ সাতজনকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে নববধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগে গতকাল বৃহস্পতিবার অগ্নিদগ্ধ নববধূর বাবা মো. গিয়াসউদ্দিন বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় সাতজনকে আসামি করে মামলা করেছেন। আসামিরা হলেন: নববধূর স্বামী আবু বাক্কার, দুই দেবর আবুল কাশেম ও শহীদ, তাঁদের সহযোগী মো. মামুন, কাঞ্চন মিয়া, লালন মিয়া ও কালাম। এঁদের সবার বাড়ি সদর উপজেলার বেতরাহাটি গ্রামে। পুলিশ জানায়, মামলা করার পর আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ দুই দফা অভিযান চালিয়েছে। পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে এ ব্যাপারে পুলিশ কাজ করছে। মামলার এজাহারে বলা হয়, গত বুধবার ভোর পাঁচটার দিকে অগ্নিদগ্ধ মরিয়মের আত্মচিৎকার শুনে বাড়ির লোকজন আবু বাক্কারদের জঙ্গলে গিয়ে দেখে, মরিয়মের সারা শরীরে আগুন জ্বলছে। এ সময় লোকজন দৌড়ে এসে তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা না থাকায় মুমূর্ষু অবস্থায় কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করেন। বর্তমানে মরিয়ম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর প্রহর গুনছেন। উল্লেখ্য, বুধবার ভোর পাঁচটার দিকে মরিয়ম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে স্বামী আবু বাক্কারসহ তাঁর ছয় সহযোগী মরিয়মের গায়ে আগুন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করেন।