স্বামীসহ সাতজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গৃহবধূ হাসনা বেগমকে (২৫) গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় স্বামী আবদুর রবসহ সাতজনের বিরুদ্ধে গতকাল শুক্রবার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। হাসনার ছোট ভাই কয়েছ আহমদ এ অভিযোগ দেন।পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, যৌতুকের দাবি ও নির্যাতনের ঘটনায় আদালতে মামলা করায় গত মঙ্গলবার দুপুরে স্বামীসহ কয়েকজন প্রতিবেশী হাসনার হাত-পা দড়ি দিয়ে বেঁধে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত বুধবার সকালে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। তাঁর অবস্থা সংকটাপন্ন বলে চিকিত্সকেরা জানিয়েছেন।সূত্র জানায়, এ ঘটনায় কয়েছ আহমদ হাসনার স্বামী আবদুর রব (৩৫), ভাসুর আবদুর রউফ (৩৮), রউফের স্ত্রী লায়লা বেগম (২০), প্রতিবেশী রিপা বেগম (২২), ইলিয়াছ আলী (৩৮), ইউনুছ আলী (৫০) ও বাদশা মিয়ার (৩৫) বিরুদ্ধে জুড়ী থানায় লিখিত অভিযোগ দেন।জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন লিখিত অভিযোগ গ্রহণের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।