গাজীপুরে সাত বছর আগে অন্তঃসত্ত্বা এক নারীকে হত্যার দায়ে তাঁর স্বামীসহ চারজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল দ্বিতীয় আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া গতকাল মঙ্গলবার এ রায় দেন।
২০০৮ সালের ৫ নভেম্বর স্বামী আবু আইয়ুবের (৪২) নির্দেশে তাঁর সহযোগীরা স্ত্রী মোরশেদা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। পরদিন হাসপাতালে তিনি মারা যান। আবু আইয়ুব গাজীপুর সিটি করপোরেশনের চাপুলিয়া বন্নাইপাড়া এলাকার মো. ছলিম মুন্সির ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মকবুল হোসেন জানান, মোরশেদাকে খুনের দায়ে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল দ্বিতীয় আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া চার ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেন। সেই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার রায় দেন। দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন আবু আইয়ুব ও তাঁর সহযোগী একই এলাকার মুল্লুক হোসেন ভূঁইয়া (৩০), মো. রানা (৩৪) এবং মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার বলাই খাঁ এলাকার হানিফ মিয়া (৩২)। আসামিরা সাত দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন বলে রায়ে উল্লেখ রয়েছে।
হত্যাকাণ্ডের শিকার গৃহবধূ মোরশেদা আক্তারের চাচা মো. শওকত আলী জানান, একই এলাকার আবু আইয়ুবের সঙ্গে ১৯৯৮ সালে মোরশেদার বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর থেকেই মোরশেদাকে যৌতুকের জন্য বিভিন্ন সময় মারধর করতেন ও খুনের হুমকি দিতেন আবু আইয়ুব। তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়ার সময় মোরশেদা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এর আগে তাঁদের ঘরে দুটি মেয়ে আছে। ওই ঘটনায় বাদী হয়ে ৮ নভেম্বর জয়দেবপুর থানায় তিনি নিজেই মামলা করেন। পরে পুলিশ অন্য আসামিদেরও গ্রেপ্তার করে। রায়ে সন্তোষ প্রকাশ করে শওকত আলী দ্রুত রায় কার্যকরের দাবি জানান।