
দুর্নীতি রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন বলেন, সরকারের প্রতিটি কার্যালয়ে অভিযোগ বাক্স রয়েছে। কোনো অভিযোগ থাকলে কেউ অভিযোগ দিতে পারেন। স্বামী ও সন্তানকে দুর্নীতি থেকে দূরে রাখতে নারীরা ভূমিকা রাখতে পারেন। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে দুর্নীতিবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম ও চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে যৌথভাবে এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনোয়ারা হাকিম আলী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য। স্বাগত বক্তব্য দেন দুদক চট্টগ্রামের পরিচালক মো. আবু সাঈদ। সভায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বলেন, তথ্যপ্রযুক্তির উন্নয়নের মাধ্যমে দুর্নীতি অনেক কমেছে। দুর্নীতি প্রতিরোধে সবাইকে যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে। সচেতনতাই পারবে দুর্নীতি বন্ধ করতে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, দেশ এখন আত্মনির্ভরশীল। এটিকে ধরে রাখতে হলে দুর্নীতি বন্ধ করতে হবে। সবাই এগিয়ে এলে দুর্নীতি থাকবে না।
অফিসে ঠিকমতো না আসা, কাজে অবহেলা করা ও নিজের দায়িত্ব ঠিকমতো পালন না করাকেও দুর্নীতি উল্লেখ করে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, একসময় বাংলাদেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি। বর্তমান সরকারের সময়ে দেশ সবদিক দিয়ে এগিয়ে রয়েছে। দেশের এ অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে দুর্নীতিকে পুরোপুরি দূর করে দিতে হবে।
স্বাগত বক্তব্যে দুদক চট্টগ্রামের পরিচালক মো. আবু সাঈদ দুর্নীতি রোধে সবার সহযোগিতা কামনা করেন। সভা শুরু হওয়ার আগে চট্টগ্রাম সার্কিট হাউসের সামনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন করা হয়।