স্বামী-স্ত্রী দুজনই জিতেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কয়েকটি সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন একই পরিবারের একাধিক সদস্য। নির্বাচনের মাঠে স্বামী-স্ত্রী যেমন পাশাপাশি ছিলেন, তেমনি ভাই প্রতিদ্বন্দ্বিতা করেছেন ভাইয়ের বিরুদ্ধে। নির্বাচনের ফল ঘোষণার পর আনন্দ-বেদনার মিশ্র প্রতিক্রিয়া এসব পরিবারে।
সংরক্ষিত ১৪ নম্বর ওয়ার্ডে এবারও প্রার্থী হয়েছিলেন গতবারের কাউন্সিলর শাহানুর বেগম। তাঁর স্বামী জয়নাল আবেদীনও প্রতিদ্বন্দ্বিতা করেছেন উত্তর পতেঙ্গা ৪০ নম্বর ওয়ার্ড থেকে। নির্বাচনে স্বামী-স্ত্রী দুজনই জিতেছেন। এই নিয়ে টানা চতুর্থবার কাউন্সিলর হলেন শাহানুর বেগম। স্বামী জয়নাল আবেদীনও জিতেছেন দ্বিতীয়বারের মতো। অবশ্য গত মেয়াদে তিনি হেরে গিয়েছিলেন। এবার আবারও জয়ী হতে পেরে আনন্দিত জয়নাল আবেদীন। প্রথম আলোকে তিনি বলেন, ‘২০০৫-এর সিটি করপোরেশন নির্বাচনেও আমরা দুজন জিতেছিলাম। ১০ বছর পর আবারও জিতলাম। আমাদের পরিবারে এখন আনন্দের বন্যা বইছে। আমরা দুজনেই এলাকাবাসীর সুখে-দুঃখে আছি সব সময়। তারাও এর প্রতিদান দিয়েছে।’
এই দম্পতির মতো সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডে নির্বাচন করেছেন জাবেদ নজরুল ইসলাম ও ফারহানা জাবেদ। জাবেদ নজরুল ইসলাম উত্তর আগ্রাবাদ ২৪ নম্বর ওয়ার্ডে হেরে গেলেও তাঁর স্ত্রী ফারহানা জাবেদ বিজয়ী হয়েছেন। সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডে ফারহানা হারিয়েছেন টানা তিনবারের কাউন্সিলর আওয়ামী লীগ-সমর্থিত রেহানা বেগমকে। ফারহানা জাবেদ প্রথম আলোকে বলেন, ‘আমি জিতেছি, কিন্তু আমার স্বামী হেরেছেন। দুজনেই বিজয়ী হলে আনন্দটা পূর্ণ হতো।’ স্ত্রীর জয়ে গর্বিত জাবেদ নজরুল। তিনি বলেন, ‘আমার ওয়ার্ডে ভোট সুষ্ঠু হয়নি। ভোটাররা তাঁদের রায় দিতে পারেননি। তাঁদের কেন্দ্রে আসতে দেওয়া হয়নি। তবুও আমি আর আমার স্ত্রী এলাকার সেবায় সম্পৃক্ত থাকব।’
১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দুই ভাই বিএনপি-সমর্থিত ইয়াছিন চৌধুরী ও আওয়ামী লীগ-সমর্থিত নুরুল আলম। ভোটযুদ্ধে জিতেছেন বড় ভাই ইয়াছিন চৌধুরী। তিনি গতবারও জিতেছিলেন। বড় ভাইয়ের বিরুদ্ধে নির্বাচন প্রসঙ্গে নুরুল আলম প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক আদর্শের সঙ্গে আপস চলে না। সেখানে পরিবার বড় হতে পারে না। ইয়াছিন চৌধুরী আমার বড় ভাই হলেও এলাকায় তিনি সন্ত্রাসীদের লালন করেন। জনগণও তাঁর সঙ্গে নেই। এবারের নির্বাচনে তিনি আমাদের দলের ওয়ার্ড কমিটির অন্তঃকোন্দলের সুযোগ নিয়েছেন। কেন্দ্র দখল করে জাল ভোট নিয়েছেন।’
অবশ্য ছোট ভাইয়ের সব অভিযোগ উড়িয়ে দিয়ে ইয়াছিন চৌধুরী হেসে বলেন, ‘তাকে তো এলাকার কেউ চেনেই না। সে নির্বাচনে দাঁড়ায় শখ থেকে। গতবারও আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। জিততে পারেনি।’
৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা থেকে এবার একই ওয়ার্ডে নির্বাচন করেছিলেন তিন ভাই বিএনপি-সমর্থিত নুরুল আবছার চৌধুরী, নুরুল হুদা ও নুরুল আনোয়ার। নুরুল আবছার চৌধুরী গতবারের বিজয়ী কাউন্সিলর ছিলেন। এবার তিন ভাইয়ের একজনও জিততে পারেননি। এ বিষয়ে নুরুল আবছার বলেন, ‘এই ওয়ার্ডের ১৩ কেন্দ্রে স্রেফ ভোট ডাকাতি হয়েছে। সরকার-সমর্থিত প্রার্থী তার লোকজনকে নিয়ে আমার পোলিং এজেন্ট ও ভোটারদের মেরে বের করে দিয়েছে। আমার দুই ভাইয়ের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।’