মন্ত্রিসভায় অনুমোদন হওয়া শ্রম আইন (সংশোধন) ২০১৩-তে মালিকদের স্বার্থই বেশি দেখা হয়েছে। শ্রমিকদের স্বার্থ নিশ্চিত করে আইন পাস করা না হলে ২০০৬ সালের আইনের মতো এটিকেও ‘কালো আইন’ হিসেবে দেখবেন শ্রমিকেরা। তাঁরা এই আইন মানবেন না। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ সদস্য ক্লাবে শ্রম আইন নিয়ে গণশুনানিতে শ্রমিকনেতারা এ কথা বলেন। গণশুনানির আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ১৫ ও ১৬ জুন মালিক, আন্তর্জাতিক ক্রেতাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের নিয়ে আরও দুটি শুনানি অনুষ্ঠিত হবে।
গতকালের শুনানিতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতা মজিবর রহমান বলেন, ‘অসদাচরণ, ভাঙচুর, অগ্নিসংযোগ হলে ব্যবস্থা নেওয়ার বিষয়টি ২০০৬ সালের আইনেও ছিল না। মালিকদের সঙ্গে আলোচনাতেও ছিল না। তাহলে কোন গায়েবি কারণে আইনে এটা ঢুকল। এমন আরও ছয়-সাতটি বিষয় গায়েবিভাবে আইনে ঢুকে গেছে।’
অতীতের মতো এবারও তড়িঘড়ি করে আইন পাস করা হচ্ছে, এমন অভিযোগ তুলে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান আহমেদ বলেন, ‘আইনে বলা হয়েছে, কারখানায় ৫০ জন শ্রমিক থাকলে সেখানে একটি নিরাপত্তা কমিটি গঠন করতে হবে। যে কারখানায় ৪৯ জন শ্রমিক কাজ করেন সেখানে নিরাপত্তার দরকার নেই? আবার ১০০ জন শ্রমিক হলে গ্রুপ বিমা করতে বলা হয়েছে। ৯৯ জন শ্রমিক থাকলে তাঁদের জন্য বিমার দরকার নেই? আইনে সংখ্যার এই মারপ্যাঁচ বাদ দিতে হবে।’
কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভানেত্রী শিরীন আখতার বলেন, সরকারি ও বেসরকারি শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি একই হতে হবে।
স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলমের সঞ্চালনায় শুনানিতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এ দেশীয় পরিচালক শ্রীনিবাস রেড্ডি বলেন, বাংলাদেশ সরকার শ্রম আইনের যে সংশোধন করছে, তা আন্তর্জাতিক মানের হতে হবে। বাংলাদেশ আইএলওর যেসব কনভেনশন অনুসমর্থন করেছে, তার ভিত্তিতেই এটি হওয়া প্রয়োজন।
প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে এই শুনানি। এতে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, ‘দুর্ঘটনার ক্ষতিপূরণ মালিকদের তহবিল থেকেই দিতে হবে। শ্রমিকের লভ্যাংশ থেকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে? ৫ শতাংশ লভ্যাংশ কেন শ্রমিককল্যাণ তহবিলে চলে যাবে?
বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বলেন, ‘ট্রেড ইউনিয়ন যাঁরা করেন, তাঁদের চাকরির সুরক্ষা নিশ্চিত করতে হবে। তা না হলে দেখা যাবে, যে-ই ট্রেড ইউনিয়ন করছেন, তাঁকেই চাকরি থেকে ছাঁটাই করা হচ্ছে।’
কয়েকজন শ্রমিকনেতা আইনে সরকারি ও বেসরকারি শ্রমিকদের জন্য একই ধরনের গ্র্যাচুইটি, মালিকদের অসদাচরণের জন্য ছয় মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন।