স্বার্থবিরোধী পরিপত্র হলে মামলা করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে সরকারিভাবে উপজেলা বা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদের স্বার্থবিরোধী কোনো পরিপত্র জারি হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে মামলা করবে উপজেলা ভাইস চেয়ারম্যান সমন্বয় পরিষদ। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় সমন্বয় পরিষদ এ ঘোষণা দেয়।মতবিনিময় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যানদের পক্ষ থেকে ১০ দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে উপজেলা পরিষদ আইনের সঙ্গে সাংঘর্ষিক বিধি ও জারি করা পরিপত্র বাতিল এবং সংবিধানের আলোকে উপজেলা পরিষদকে ক্ষমতা দিয়ে কার্যকর করা।সভার সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘দাবি না মানলে আমরা হরতালসহ অন্য যেকোনো ধরনের আন্দোলনের ডাক দিতে বাধ্য হব। অধিকার আদায়ে ভাইস চেয়ারম্যানরা প্রয়োজনে আইনের আশ্রয় নেবে।’সভায় উপজেলা ভাইস চেয়ারম্যানরা অভিযোগ করেন, সরকারিভাবে উপজেলা চেয়ারম্যানদের কিছু সুবিধা দেওয়ার কারণে মাঠপর্যায়ে তাঁদের সঙ্গে ভাইস চেয়ারম্যানদের বিরোধ তৈরি হয়েছে।সভায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি গোলাম রাব্বানী বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রের ভিত্তি হচ্ছে স্থানীয় সরকারব্যবস্থা, আমলাতন্ত্র নয়। স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করতে হলে সংবিধান ও যুক্তির মধ্যে থেকে আন্দোলন করতে হবে।বিশেষ অতিথি সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, বর্তমানে যে আইন রয়েছে, তা কালো আইন হলেও এর মধ্যে থেকেই কিছু কাজ করার সুযোগ রয়েছে। সেসব কাজ করুন।