স্বার্থের সময় নৌকা ও ধানের শীষের মধ্যে পার্থক্য থাকে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘দেশের গোটা অর্থনীতি গভীর সংকটের মধ্যে পড়ে গেছে। শেয়ার মার্কেট ধসের জন্য যে ব্যক্তি দায়ী, তাঁকেই আবার ওই মার্কেটের পরিচালক নিযুক্ত করা হয়েছে। সেই ব্যক্তিটি “দরবেশ” নামে পরিচিতি, তিনি হচ্ছেন সালমান এফ রহমান। তাঁর সঙ্গে যুক্ত হয়েছে বিএনপির মোসাদ্দেক আলী ফালু। স্বার্থের সময় ধানের শীষ ও নৌকার মধ্যে কোনো পার্থক্য থাকে না, শেয়ার মার্কেটই বড় প্রমাণ। সালমান আর ফালু মিলে শেয়ার মার্কেটকে ধ্বংস করে ফেলেছে।’গতকাল শনিবার বেলা তিনটায় নগরের কোর্ট পয়েন্টে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুজাহিদুল ইসলাম সেলিম এসব কথা বলেন। সিপিবির জেলা সংসদের সভাপতি বেদানন্দ ভট্টাচার্যের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ, রফিকুজ্জামান লায়েক, খন্দকার লুৎফুর রহমান, রহমান মিজান ও পীযূষ চক্রবর্তী।সিপিবি সিলেটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উদীচী সিলেটের সংগঠক রতন দেব, যুব ইউনিয়ন সিলেটের সভাপতি রমেন্দ্র কুমার চন্দ, ছাত্র ইউনিয়ন সিলেটের সভাপতি প্রশান্ত চন্দ্র চন্দ, গোলাম রাব্বী চৌধুরী প্রমুখ।মুজাহিদুল ইসলাম সেলিম প্রধানমন্ত্রীর উপদেষ্টা গহওর রিজভীর উদ্দেশে বলেন, ‘আপনি কোন দেশের নাগরিক? বাংলাদেশের নাগরিক হলে তো আপনি নিশ্চয় এটা বলতেন না যে টিপাইমুখ বাঁধ নির্মিত হলে বাংলাদেশের উপকার হবে। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কথা বলে দেশের স্বার্থ আড়াল করার মানেটা কী?’ সেলিম তাঁর বক্তব্যে আরও বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার তিন বছরের মধ্যে জিনিসপত্রের দাম ৮০ ভাগ বেড়েছে। কিন্তু বেতন বাড়েনি। তিন বছর আগে যে টাকায় যতটুকু পরিমাণ সামগ্রী কেনা যেত, একই টাকায় বর্তমানে তা অর্ধেকও কেনা যায় না।’সেলিম বলেন, ‘বাংলাদেশে আমেরিকার বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। এটা কোনোভাবেই বাংলাদেশের জনগণ মেনে নিতে পারছে না। আমরা পাকিস্তানিদের গোলামি থেকে মুক্ত হয়েছি আমেরিকার গোলামি করার জন্য নয়। পাকিস্তানি হানাদার বাহিনীর যে নিয়তি হয়েছে, মার্কিন বাহিনীরও সে নিয়তি হবে।’