স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন প্রবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য, শিক্ষাসহ সামাজের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল শুক্রবার সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মণাবন্দ আদর্শ উচ্চবিদ্যালয়ে আয়োজিত এক বৃত্তি প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এ মন্তব্য করেন। গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও কম্পিউটার প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রবাসীরা বৈদেশিক মুদ্রা অর্জন করে আমাদের অর্থনীতিকে জোরদার ও সমৃদ্ধ করে আসছেন। আমার বিশ্বাস, প্রবাসীদের এ সহযোগিতার হাত ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি ছিফত আলীর সভাপতিত্বে ও মাসুক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনির উদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনির উদ্দিন, শিব্বির আহমদ, আমিনুল হক, মহিউদ্দিন, সিদ্দিকুর রহমান ও মনজুর আহমদ।শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষাদানের পাশাপাশি তাদের জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ এবং নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে নতুন জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে ব্যাপক প্রচেষ্টা চলছে।’ তিনি এ লক্ষ্য অর্জন ও শিক্ষানীতির বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।এ ছাড়া শিক্ষামন্ত্রী গোলাপগঞ্জ উপজেলার মুকিতলা গ্রামে নবনির্মিত কমিউনিটি ক্লিনিক, জাঙ্গালহাটা-পালপাড়া রাস্তার সংস্কারকাজের উদ্বোধন করেন।