স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাজে লজ্জা পাচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির। তিনি ওই মহাপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের (দুদকের) চেয়ারম্যানকে অনুরোধ করেছেন। দুদকের চেয়ারম্যানকে প্রতিমন্ত্রী নিজের প্যাডে এই চিঠিটি লিখেছেন ৪ জুন। চিঠির সঙ্গে তিনি প্রথম আলোর তিনটি প্রতিবেদন যুক্ত করে দিয়েছেন। প্রতিবেদন তিনটি এ বছর ৮, ১১ ও ১২ ফেব্রুয়ারি ছাপা হয়েছিল। দুদক এই চিঠি প্রাপ্তির কথা স্বীকার করেছে। দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেছেন, বিষয়টি নিয়ে যথাযথ অনুসন্ধান করা হচ্ছে। তবে মুঠোফোনে যোগাযোগ করা হলে অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ প্রথম আলোকে বলেন, ব্যক্তিগত আক্রোশ থেকে প্রতিমন্ত্রী এই চিঠি দিয়েছেন।
প্রতিমন্ত্রী চিঠিতে লিখেছেন, বাংলাদেশ সরকারের উন্নয়নের মধ্যে স্বাস্থ্য খাতের উন্নয়ন অন্যতম। স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পুরস্কৃত করা হয়েছে। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নানা দুর্নীতি ও অপকর্মের কারণে উন্নয়ন কর্মকাণ্ড হুমকির মুখে। এরপর প্রতিমন্ত্রী লিখেছেন, ‘মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাণ্ড দেখে লজ্জাবোধ করি। আমি একজন সমাজ সচেতন নাগরিক ও ১৯৭১ সালের রণাঙ্গনের বীর সৈনিক মুক্তিযোদ্ধা হিসেবে এ দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছি।’