স্বাস্থ্য উপদেষ্টাকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান টিআইবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীকে বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি)।গত সোমবার গোপালগঞ্জের এক অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা কমিউনিটি ক্লিনিকে দলীয় প্রার্থীদের নিয়োগ দিতে হবে বলে মন্তব্য করেন।একই সমাবেশে সৈয়দ মোদাচ্ছের আলী স্বাস্থ্যবিষয়ক তথ্য গণমাধ্যমের কাছে প্রকাশে সরকার বাধ্য নয় বলে যে বক্তব্য দেন, তারও তীব্র বিরোধিতা করেছে টিআইবি। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলেন, ‘আমরা বিশ্বাস করতে চাই, স্বাস্থ্য উপদেষ্টার এ বক্তব্য সরকারের সর্বোচ্চ পর্যায়েও অগ্রহণযোগ্য হবে। এ মন্তব্য মহাজোট সরকারের নির্বাচনী অঙ্গীকার এবং তথ্য অধিকার আইন, ২০০৯-এর উদ্দেশ্য ও লক্ষ্যের পরিপন্থী।’সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় প্রার্থীদের নিয়োগের প্রশ্নে সরকারের দায়িত্বশীল অবস্থান থেকে যে মন্তব্য এসেছে, তা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে চরম প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছে টিআইবি। শুধু সরকারদলীয় কর্মীদের নিয়োগ, অযোগ্য হলেও দলীয় কর্মীদের চাকরির সুযোগ দেওয়া এবং কমিউনিটি স্বাস্থ্যকর্মী নিয়োগে রাজনৈতিক আনুগত্য বিবেচনায় নেওয়া না হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ব্যাপারে স্বাস্থ্য উপদেষ্টার প্রচ্ছন্ন হুমকি দুর্ভাগ্যজনক বলে প্রতিষ্ঠানটি উল্লেখ করে।এ ছাড়া পাবনায় দলীয় বিবেচনায় নিয়োগসংক্রান্ত পরীক্ষা নেওয়ায় বাধা এবং পঞ্চগড়ে নিয়োগ পরীক্ষা শেষ হওয়ার পর দলীয় প্রার্থীর চাকরি লাভে ব্যর্থতার পরিপ্রেক্ষিতে সরকারি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় ধরনের হুমকি বলে মন্তব্য করেছে টিআইবি।এদিকে ঢাকা জজকোর্টের ৬০১ জন যুব আইনজীবী স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। এক বিবৃতিতে আইনজীবীরা বলেন, বাংলাদেশ কোনো দলের নয়, জনগণের। সৈয়দ মোদাচ্ছের আলীর বক্তব্য জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।