প্রবীণদের বিষয় নিয়ে আয়োজিত এক সংলাপে বলা হয়েছে, দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রবীণ জনসংখ্যা দ্রুত বাড়ছে। বর্তমানে মোট জনসংখ্যার ৭ দশমিক ৫ শতাংশ প্রবীণ। প্রবীণ জনগোষ্ঠী বাংলাদেশের সামনে বড় সামাজিক চ্যালেঞ্জ।
গতকাল সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জাতীয় প্রবীণ নীতিমালা-২০১৩’ বাস্তবায়ন শীর্ষক গোলটেবিল সংলাপে এসব কথা বলা হয়। ফোরাম ফর দ্য রাইটস অব দ্য এল্ডারলি, বাংলাদেশ (এফআরইবি) এই সংলাপের আয়োজন করে। আয়োজনে সহায়তা করে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)। সংলাপে জানানো হয়, ২০১৬ সালের জুলাই থেকে শুরু হতে যাওয়া পাঁচ বছর মেয়াদি স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাত কর্মসূচিতে পৃথকভাবে প্রবীণদের স্বাস্থ্যসেবায় বিশেষ বরাদ্দ রাখা হচ্ছে।
ইউএনএফপিএর ভারপ্রাপ্ত কর্মকর্তা আওরি কাতো বলেন, উন্নয়নের ফলে মানুষের আয়ু বাড়ছে। তবে চ্যালেঞ্জ হচ্ছে এখন ষাটোর্ধ্ব মানুষ ১ কোটি ১২ লাখ—আগামী ৪০ বছরে তা পাঁচ গুণ বেড়ে সাড়ে চার কোটিতে গিয়ে দাঁড়াবে। তিনি বলেন, মানুষ দীর্ঘদিন বাঁচলে হৃদ্রোগ, ক্যানসার, বক্ষব্যাধি, দৃষ্টির সমস্যা, প্রতিবন্ধিতা, ডিমেনশিয়ার মতো রোগে ভোগা মানুষের সংখ্যাও বাড়ে এবং এসব রোগের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও সেবার চাহিদাও বাড়ে। প্রবীণ মানুষের সংখ্যা বৃদ্ধি আগামী দিনে বাংলাদেশের জন্য বড় সামাজিক চ্যালেঞ্জ।
সংলাপে তিনজন সাংসদ, প্রবীণদের নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেশ কয়েকজন সাবেক ও বর্তমান আমলা, সাংবাদিক এবং বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তা অংশ নেন। তাঁদের অনেকেই বলেন, ২০১৩ সালে মন্ত্রিপরিষদে জাতীয় প্রবীণ নীতিমালা পাস হওয়ার পর তা বাস্তবায়নে কোনো অগ্রগতি হয়নি। একাধিক আলোচক বলেন, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে চিকিৎসা-ব্যয়ও অনেক বেড়ে যায়। কেউ বলেছেন, মানুষ যত প্রবীণ হয়, সে তত দরিদ্র হয়।
মূল উপস্থাপনায় প্রবীণদের স্বাস্থ্য বিশেষজ্ঞ সামনুন তাহা বলেন, গত ৩০ বছরে প্রবীণদের সংখ্যা ২০০ গুণের বেশি বেড়েছে। বর্তমান ভোটারদের ২০ শতাংশ প্রবীণ। তিনি বলেন, স্বাস্থ্য, আবাসন ও পরিবহনের ক্ষেত্রে প্রবীণদের সমস্যা বেশি। এসব ক্ষেত্রে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা দরকার। সরকারি হাসপাতালে ১০ শতাংশ শয্যা প্রবীণদের জন্য নির্দিষ্ট রাখার প্রস্তাব করেন তিনি।
এফআরবির মহাসচিব আবুল হাসিব খানের সঞ্চালনায় সংলাপে একাধিক আলোচক নিজের আত্মীয়-পরিজনের মধ্যে অবহেলায় থাকা প্রবীণদের কথা বলেন। সাংসদ নাজমুল হক প্রধান বলেন, তাঁর পরিচিত উচ্চবিত্ত এক পরিবারের প্রবীণ এক সদস্যকে ক্লিনিকে রাখা হয়েছে দিনের পর দিন। ছেলেমেয়েরা তাঁকে নেয় না। সাংসদ সেলিনা জাহান বলেন, তুলনামূলকভাবে নিম্নবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের প্রবীণেরা বেশি অবহেলার শিকার হন। তাঁর মতে, সমাজে সবচেয়ে অবহেলার শিকার প্রবীণেরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এস এম আতীকুর রহমান বলেন, প্রত্যেক প্রবীণ নাগরিককে ২৪ ঘণ্টা সুরক্ষা দিতে হবে। এগুলো বার্ধক্যের অধিকার।
সংলাপে বেশ কিছু সুপারিশ করা হয়। এর মধ্যে আছে কমিউনিটি ক্লিনিকে প্রবীণদের ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষার ব্যবস্থা করা, পাঠ্যপুস্তকে প্রবীণ বিষয়ে গল্প বা প্রবন্ধ অন্তর্ভুক্ত করা, গণমাধ্যমে এ বিষয়ে প্রচার-প্রচারণা চালানো, ভবন নির্মাণ বিধিমালায় প্রবীণ মা-বাবার জন্য পৃথক ঘর রাখা বাধ্যতামূলক করা, ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিএসআরের অর্থ এই খাতে ব্যয় করা।