স্বাস্থ্য ও শ্রমিকের অধিকার গুরুত্বপূর্ণ দুটি বিষয়: বার্নিকাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, যুক্তরাষ্ট্রের সহায়তা আছে এমন কর্মসূচিতে স্বাস্থ্যসেবা ও শ্রমিক অধিকার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বিষয়। চার দশক ধরে এ দেশের অগণিত মানুষের উন্নত স্বাস্থ্য ও কল্যাণের জন্য দুটি দেশ একসঙ্গে কাজ করে যাচ্ছে।
গতকাল রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গার্মেন্টস শ্রমিকদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং এর প্রতিকূলতা ও সমাধান’ শীর্ষক সম্মেলনে মার্শা বার্নিকাট এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি, স্বাস্থ্য মন্ত্রণালয়, ডিএফআইডি, হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল এবং চাইল্ড হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে তৈরি পোশাকশিল্পে কর্মপরিবেশ উন্নত করার গুরুত্ব বেড়েছে। কারখানার নিরাপত্তার ওপর জোর দেওয়া হয়েছে।
পোশাকশিল্পের শ্রমিকদের স্বাস্থ্যের উন্নতিতে দেশি ও বিদেশি প্রতিষ্ঠান কে কী উদ্যোগ নিয়েছে তা সম্মেলনে উপস্থাপন করা হয়। একাধিক উপস্থাপক বলেন, পোশাকশিল্পের শ্রমিকদের স্বাস্থ্যসেবা পাওয়া মৌলিক অধিকার। শ্রমিকের স্বাস্থ্য ভালো থাকলে উৎপাদন ভালো হয়।
অনুষ্ঠানের বিশেষ অতিথি পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দীপু মনি বলেন, সিংহভাগ পোশাক কারখানা শহর এলাকায়। শহরে প্রাথমিক স্বাস্থ্যসেবা অবকাঠামো জোরালো নয়। শহরে অবকাঠামো দৃঢ় করা সম্ভব হলে তার ইতিবাচক ফল পাবেন পোশাকশিল্পের শ্রমিকেরা।
সম্মেলনের উদ্দেশ্য বর্ণনা করেন ব্রাউন ইউনিভার্সিটির গ্লোবাল হেলথ ইনিশিয়েটিভের শিক্ষক ও গবেষক রুহুল আবিদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। অনুষ্ঠানের শুরুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদুল ইসলাম সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার জন্য বাংলাদেশ কী করছে তার বর্ণনা দেন। তিনি বলেন, নির্দিষ্ট কোনো ফর্মুলায় সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জন সম্ভব না। রাজনৈতিক অর্থনীতি, রাজনৈতিক প্রতিশ্রুতি, স্বাস্থ্য খাতে অর্থায়নের ধরন—এমন বিষয়গুলোর ওপর তা নির্ভর করে।