স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন হয়েছে। স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরাম নামের একটি সামাজিক সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজার এলাকায় নিউমার্কেটের সামনের সড়কে মানববন্ধন শুরু হয়। চলে দুপুর ১২টা পর্যন্ত। মানববন্ধন চলাকালে আয়োজক সংগঠনের সভাপতি রঞ্জিত চন্দ্র শীলের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন ভবানীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি আয়াজ উদ্দিন আহমদ, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কিশোর রায় চৌধুরী প্রমুখ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।বক্তারা ক্ষোভের সঙ্গে বলেন, স্থান নিয়ে আইনি জটিলতার কারণে দীর্ঘদিন জুড়ীতে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কাজ আটকে আছে। এ অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে এলাকাবাসী বঞ্চিত হচ্ছে। উপজেলার ছয়টি ইউনিয়নের লোকজনের সুবিধাজনক স্থানে অবিলম্বে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু করতে হবে। অন্যথায় জুড়ীবাসী আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করবে। ইউএনও চৌধুরী মোয়াজ্জম আহমদ স্মারকলিপি গ্রহণের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বরেন, ‘আইনি জটিলতার নিষ্পত্তি হলে স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজ শুরু হবে।’