স্বাস্থ্য কমপ্লেক্সই নেই চলছে লোক নিয়োগ
সারা দেশে হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রয়েছে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় লোকবলের সংকট। আর মৌলভীবাজারের জুড়ীতে দেখা গেছে ভিন্ন চিত্র। উপজেলায় কোনো স্বাস্থ্য কমপ্লেক্সই নেই। অথচ চিকিৎসক ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা নিয়োগ পেয়ে বসে আছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থান নির্ধারণ নিয়ে আইনি জটিলতার কারণে প্রায় পাঁচ বছর ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজ ঝুলে আছে। অথচ তিন বছর আগে স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দুজন চিকিৎসা কর্মকর্তা, একজন করে চিকিৎসা সহকারী, চিকিৎসা প্রযুক্তিবিদ (দাতব্য) ও ইপিআই প্রযুক্তিবিদ নিয়োগ দেওয়া হয়। গত মে মাসে দ্বিতীয় দফা নিয়োগ পেয়ে যোগ দিয়েছেন আরও ১৫ জন চতুর্থ শ্রেণীর কর্মচারী।জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কার্যালয়ের একটি সূত্র জানায়, জুড়ীতে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের জন্য ২০০৫ সালের শুরুতে উপজেলা সদরে চারটি স্থানের প্রস্তাব করা হয়। তৎকালীন জেলা প্রশাসক মুহাম্মদ আলকামা সিদ্দিকীর সভাপতিত্বে স্থান নির্ধারণ কমিটির একটি সভা হয়। সভায় পশ্চিম জুড়ী ইউনিয়নের উত্তর ভবানীপুর এলাকায় পাঁচ একর জায়গায় স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ভূমি অধিগ্রহণের কাজ শুরু হলে ওই জায়গার একজন অংশীদার অধিগ্রহণ নোটিশের বিরুদ্ধে আদালতে মামলা করেন। একপর্যায়ে আদালত মামলাটি খারিজ করলে ওই অংশীদার উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। এ অবস্থায় স্থান নির্ধারণ কমিটি একই ইউনিয়নের বাছিরপুর এলাকায় স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের প্রস্তাব পাঠালে ভূমি মন্ত্রণালয় সেটা বাতিল করে দেয়।সূত্র জানায়, জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২১টি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর অস্থায়ী রাজস্ব পদ পূরণ করতে সিভিল সার্জন গত ৫ এপ্রিল একটি জাতীয় ও স্থানীয় দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি দেন। পরে মৌখিক পরীক্ষার মাধ্যমে ১৫ জন চতুর্থ শ্রেণীর কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়। অন্যদের নিয়োগ-প্রক্রিয়াও চলছে।সরেজমিনে দেখা গেছে, উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের একটি কক্ষ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় হিসেবে ব্যবহূত হচ্ছে। বাইরে একটি সাইনবোর্ডও টানানো আছে। একটি কক্ষে চিকিৎসা কর্মকর্তা ও সহকারী বসে রোগী দেখছেন। অন্যরা বারান্দায় ঘোরাফেরা করছেন। চিকিৎসা কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘কক্ষে পর্যাপ্ত জায়গা নেই। ফলে কাজকর্মে খুবই সমস্যা হয়।’ভারপ্রাপ্ত সিভিল সার্জন সাইদুর রহমান জানান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশমতে লোকবল নিয়োগ দেওয়া হচ্ছে। আইনি জটিলতায় স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজ আটকে আছে। এটির নিষ্পত্তি না হলে এগোনো যাচ্ছে না।