বারবার কৈফিয়ত তলবের নোটিশ দিয়েও নির্ধারিত সময়ে কর্মস্থলে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না। এর সঙ্গে নতুন করে যোগ হয়েছে হরতাল ও অবরোধজনিত অনুপস্থিতি। এ কারণে চট্টগ্রামের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোর চিকিৎসাব্যবস্থা অনেকটা ভেঙে পড়েছে।
প্রথম আলোর অনুসন্ধান এবং সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই চিত্র দেখা গেছে। গত কয়েক মাসে সিভিল সার্জন কার্যালয় অন্তত ৩০ জন চিকিৎসককে কারণ দর্শানো নোটিশ দিয়েছে। অনেকে ছুটি কাটিয়ে এসে পরে পুরোনো তারিখে আবার উপস্থিতির সই করেছেন, এমন অভিযোগও রয়েছে।
হরতাল-অবরোধ শুরু হওয়ার পর এই অনুপস্থিতি আরও বেড়েছে বলে জানা গেছে। উপজেলায় কর্মরত চিকিৎসকদের বেশির ভাগই চট্টগ্রাম শহর থেকে গিয়ে চাকরি করেন। এ কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বিষয়টি স্বীকার করে সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতির কারণে বিভিন্ন চিকিৎসক কিছুটা দেরি করছেন বলে অভিযোগ পেয়েছি। তবে আমরা তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। এ ছাড়া অতীতে যাঁরা অনিয়মিত অনুপস্থিত ছিলেন, তাঁদের নোটিশ দিয়েছি।’
আনোয়ারা, ফটিকছড়ি, সীতাকুণ্ড ও পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নগরের বিভিন্ন আরবান ডিসপেনসারি ঘুরে চিকিৎসকদের বিলম্বে উপস্থিতি, অনুপস্থিত থাকা এবং ছুটির সময়ের আগে কর্মস্থল ত্যাগের চিত্র দেখা গেছে।
ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার নয়জন চিকিৎসক উপস্থিত ছিলেন। তবে সকাল আটটা থেকে উপস্থিত থাকার কথা থাকলেও ১০টার আগে কেউ হাসপাতালে যাননি। উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা দেবাশীষ দত্ত বলেন, ‘অবরোধের কারণে কিছুটা দেরি হয়। তবে আমাদের সবাই উপস্থিত থাকেন।’
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আবদুর জলিল নামের এক শিশুর মা রোখসানা বেগম বলেন, সকালে একজন ডাক্তার ঘুরে গেছেন। এরপর আর কেউ আসেননি।
আনোয়ারা স্বাস্থ্যকেন্দ্রে ওই দিন তিন চিকিৎসক উপস্থিত ছিলেন। জুনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) সাঈদ মো. হাসান, স্বাস্থ্য কর্মকর্তা শেখ মুজিবুর রহমান, সহ-ডেন্টাল সার্জন তানজিলা ফারজানা কর্মস্থলে ছিলেন না। তবে তাঁরা ছুটিতে আছেন বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল কর্মকর্তা গোলাম মোস্তফা জামাল।
বেলা সোয়া একটার দিকে হাসপাতালে গিয়ে আরএমও গোলাম মোস্তফা ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। এর আগে সকাল সাড়ে নয়টার আগে আরএমও কোনো চিকিৎসক হাসপাতালে আসেননি। আরএমও গোলাম মোস্তফা প্রথম আলো বলেন, ‘সহ-সার্জন (এমও) আলী আশরাফ অফিস দায়িত্বে ঢাকা ও সহ-সার্জন (এনেসথেসিস্ট) নিগহাত জাবীন প্রশিক্ষণে আছেন। কিছু ডাক্তার ছুটিতে আছেন। আর অবরোধে উপস্থিত হতে কিছুটা বিলম্ব হয়।’
একইভাবে পটিয়ায় মঙ্গলবার ছয় চিকিৎসক অনুপস্থিত ছিলেন। অন্যরাও প্রতিদিন উপস্থিত হচ্ছেন দেরিতে। আবাসিক মেডিকেল কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘দুই মহিলা চিকিৎসক ছুটিতে রয়েছেন। আর চারজন নোটিশ ছাড়া অনুপস্থিত রয়েছেন।’ অবরোধের কারণে উপস্থিত হতে কিছুটা দেরি হয় বলে তিনি জানান।
শহরে অনুপস্থিত: গ্রামের পাশাপাশি নগরের আরবান ডিসপেনসারিগুলোতেও চিকিৎসকেরা অনুপস্থিত থাকছেন। মঙ্গলবার দুপুর একটায় নগরের আগ্রাবাদ সরকারি আরবান ডিসপেনসারিতে গিয়ে দেখা যায় তালা দেওয়া। চিকিৎসক দূরের কথা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীও নেই।
আরবান ডিসপেনসারি ভবনের দ্বিতীয় তলায় মা ও শিশুকল্যাণ কেন্দ্র। সেখানে ছেহেলী নার্গিস নামের একজন চিকিৎসক কর্মরত আছেন। তবে তিনিও সকাল সকাল চলে গেছেন বলে কর্মকর্তারা জানান।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর সরফরাজ খান আকস্মিক পরিদর্শনে গিয়ে আগ্রাবাদ ও হালিশহর আরবান ডিসপেনসারির চার চিকিৎসককে অনুপস্থিত পান। তাঁদেরকে তখন কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। তাঁরা হলেন সুশান্ত দাশ, মনোয়ার হোসেন, উম্মে তাসলিমা জাহান ও সাজিয়া আফরিন।
সময় মানেন না: উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত চিকিৎসকেরা স্বাভাবিক সময়েও কর্মস্থলে অনিয়মিতভাবে অনুপস্থিত থাকেন বলে অভিযোগ রয়েছে। গত ২৯ জুলাই বেলা ১০টা ২০ মিনিটে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে সিভিল সার্জন সাত চিকিৎসককে অনুপস্থিত পান। তাঁদের তখন নোটিশ দেওয়া হয়। এর এক মাস পর ২৭ আগস্ট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আফতাবুল ইসলামকে পুনরায় বিলম্বের জন্য নোটিশ দেওয়া হয়।
একইভাবে ২১ অক্টোবর পটিয়ার কেলিশহর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে অমিতাভ চৌধুরী অনুপস্থিত ছিলেন। এর আগে ৩০ সেপ্টেম্বর সাড়ে ১১টায় ফটিকছড়ি বিবিরহাট ২০ শয্যা হাসপাতালের চিকিৎসক এমরান হোসেন, কনসালট্যান্ট শাহানা বেগম অনিয়মিত অনুপস্থিত ছিলেন। এঁদের প্রত্যেককে কৈফিয়ত তলব করে নোটিশ দেওয়া হয়।
বোয়ালখালী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের শারমিন আকতার গত ২১ সেপ্টেম্বর থেকে তিন দিন অনুপস্থিত ছিলেন। পরে এসে তিনি আবার উপস্থিত থাকার সই করেন বলে জানা গেছে। এ ব্যাপারে তাঁকে টিএইচএফপি খুরশিদ আরা বেগম কারণ দর্শানো নোটিশ দেন।
[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন আবদুর রাজ্জাক (পটিয়া), মোহাম্মদ মোরশেদ হোসেন (আনোয়ারা) ও এস এম আক্কাস উদ্দিন (ফটিকছড়ি)]