স্বাস্থ্য কমপ্লেক্সে আস্তাকুঁড় দুর্গন্ধে নাভিশ্বাস
অপরিকল্পিতভাবে আস্তাকুঁড় (ডাস্টবিন) নির্মাণ করায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় দুর্গন্ধে চিকিৎসক, সেবিকা, কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের ভীষণ সমস্যা হচ্ছে। তীব্র দুর্গন্ধের কারণে স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের এলাকার লোকজনও টিকতে পারছে না।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানাপ্রাচীরের ভেতরেই আস্তাকুঁড়টি নির্মাণ করা হয়েছে। হাসপাতালের নানা রকম বর্জ্য ও ময়লা-আবর্জনা এখানে ফেলা হয়। এসব ময়লা-আবর্জনা অনেক সময় বাদুড় ও কাক স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ও বাইরের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে। এসব কারণে এবং খুব কাছে হওয়ায় দুর্গন্ধে টেকা যায় না। পরিবার পরিকল্পনা বিভাগ, স্ত্রীরোগ বিশেষজ্ঞের চেম্বার ও অন্তর্বিভাগ থেকে সামান্য দূরেই আস্তাকুঁড়টি নির্মাণ করা হয়েছে। হাসপাতালের পরিবারকল্যাণ পরিদর্শিকা মনোয়ারা বেগম ও রাবেয়া আক্তার বলেন, ময়লা-আবর্জনার দুর্গন্ধে অসুস্থ হওয়ার উপক্রম হয়েছে। বৃষ্টি হলে গন্ধ আরও বেড়ে যায়। তখন ময়লার দিকে চোখ পড়লে সঙ্গে সঙ্গে বমি আসে।স্ত্রীরোগের চিকিৎসক কামরুন সাত্তার বলেন, ‘দুর্গন্ধে জানালা খুলতে পারি না। কর্তৃপক্ষ অপরিকল্পিতভাবে আস্তাকুঁড় তৈরি করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের এলাকার বাসিন্দা রোসন মিয়া, রিপন, জুয়েল, জাহানারা, আরতি রানী সাহা, জামাল, হারুন, রাজ্জাক, মজিবুর রহমান জানান, কাক ও বাদুড় মুরগি ও মাছের নাড়িভুঁড়ি যেভাবে এখানে ফেলে রাখে, তাতে গন্ধে এখানে বসবাস করাই কঠিন হয়ে পড়ছে। এসব নাড়িভুঁড়ি দেখে ছেলেমেয়েরা অনেক সময় ভাত খেতে চায় না।দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফারুক আহম্মেদ ভূইয়া জানান, আস্তাকুঁড়টি অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।