স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নেই আড়াই বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আড়াই বছর ধরে চিকিৎসক নেই। একজন চিকিৎসা সহকারী, দুজন ওয়ার্ডবয় ও একজন নৈশপ্রহরী চিকিৎসকের দায়িত্ব পালন করছেন। সেবিকার ১০টি পদ থাকলেও আছেন একজন। চিকিৎসা উপকরণের সংকট তো আছেই। এতে চিকিৎসাসেবা ভেঙে পড়েছে।নৈশপ্রহরী রামচরণ কর ও ওয়ার্ডবয় সালাউদ্দিন আহমদ বলেন, ‘ডাক্তার না থাকায় রোগী কম আসে। যারা আসে, তাদের আমরা নানাভাবে চিকিৎসা কার্যক্রম চালিয়ে নেওয়ার চেষ্টা করি। এখানে চিকিৎসক নিয়োগ দিলেও দুর্গম হাওরাঞ্চল হওয়ায় কেউ থাকতে চান না।’বুধবার সরেজমিনে দেখা গেছে, ৩১ শয্যার এ হাসপাতালে পুরুষ ওয়ার্ডে তিনজন এবং মহিলা ও শিশু ওয়ার্ডে তিনটি শিশু ও দুজন মহিলা ভর্তি আছেন। ভর্তি হওয়া রোগী নিশি বেগমের (২০) বাবা মেহের আলী (৪৫) জানান, ওয়ার্ডবয় সালাউদ্দিনের চিকিৎসাতেই তাঁর মেয়ে মা হয়েছেন।স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় বসবাসরত স্নাতক শ্রেণীর ছাত্র রুবেল সরকার জানান, এই স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ডবয় বাচ্চা প্রসব করানোর কাজ করেন। স্বাস্থ্য সহকারী ও নৈশপ্রহরী দেন জরুরি চিকিৎসাসেবা। এটি এখানে স্বাভাবিক হয়ে গেছে।তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন খান জানান, উপজেলাবাসীর স্বাস্থ্যসেবার একমাত্র প্রতিষ্ঠান তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু চিকিৎসক না থাকায় লোকজন বাধ্য হয়ে কবিরাজের কাছে যায়, আর সামর্থ্যবান লোকজন যায় জেলা শহরে।তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার পর থেকেই নানাভাবে স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেওয়ার কথা বলেছি, কিন্তু কেউ কথা শুনছে না।’উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, উপজেলার আড়াই লক্ষাধিক লোকের ৯৫ শতাংশই কৃষি ও হাওরে মাছ ধরা পেশার ওপর নির্ভরশীল। দুর্গম যোগাযোগের কারণে হেমন্তে জমির আইল ধরে হেঁটে এবং বর্ষায় নৌকায় হাওর পাড়ি দিয়ে আসতে হয় স্বাস্থ্য কমপ্লেক্সে। এর পরও যখন প্রয়োজনীয় সেবা মেলে না, তখন তাদের অধিকাংশই জেলা শহরে গিয়ে চিকিৎসা করানোর সাহস করে না। তা ছাড়া হাওরপাড়ের অধিকাংশ পরিবারের আর্থিক সামর্থ্য নেই।প্রধান সহকারী হীরক গোস্বামী জানান, বর্তমানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ ও চিকিৎসা কর্মকর্তার নয়টি পদই শূন্য। নার্সসহ আরও ৫১টি পদ শূন্য। ২০০৫ সালে একটি এক্স-রে যন্ত্র স্থাপন করা হলেও বিদ্যুৎ-সংযোগ না থাকায় তা এক দিনের জন্যও চালু করা যায়নি।তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘চিকিৎসক ও চিকিৎসা উপকরণের অভাবে তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাচ্ছে না লোকজন। আমরাও আতঙ্কে থাকি, কোনো কারণে অসুস্থ হলে তখন কী করব?’সুনামগঞ্জের সিভিল সার্জন এ টি এম এ রকিব চৌধুরী বলেন, ‘তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের এ অবস্থার কথা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় অবগত আছেন। আশা করছি, শিগগির এর ব্যবস্থা হবে।’