স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, সেবা বিঘ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোকবলসংকটে চিকিৎসাসেবা বিঘ্নিত হচ্ছে।
এখানে চিকিৎসক থাকার কথা ২১ জন। কিন্তু আছেন মাত্র ৫ জন। প্রয়োজনীয়সংখ্যক নার্সও নেই।
স্বাস্থ্য কমপ্লেক্সটির কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রায় আট কোটি টাকা ব্যয়ে আধুনিক ভবন নির্মাণ করে ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। ২০১৪ সালের ১১ নভেম্বর তা উদ্বোধন করা হয়। গত বছরের ৪ নভেম্বর প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। জনবলকাঠামো অনুযায়ী এখানে ৯ জন বিশেষজ্ঞসহ ২১ জন চিকিৎসক নিয়োগ করার কথা। তা করা হয়নি। প্রতিদিন এখানে বহির্বিভাগে ২০০ থেকে ২৫০ জন রোগী আসে। কিন্তু ৫০ শয্যার কোনো সুবিধা এখানে নেই। গাইনি ও সার্জারি চিকিৎসকের অভাবে কোনো অস্ত্রোপচার হয় না। এ ছাড়া অত্যাধুনিক এক্স-রে মেশিনটি প্রায় ১০ বছর ধরে বিকল। প্রায় দুই বছর আগে আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি মেশিন আনা হলেও টেকনিশিয়ান নেই। তাই এগুলো পড়ে আছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, রোগীদের দীর্ঘ সারি। গোপীনাথপুরের রাবেয়া বেগম এখানে এসেছেন সকাল নয়টায়। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর চিকিৎসক দেখাতে পেরেছেন। তিনি বলেন, এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম করতে হবে। কিন্তু এ জন্য বাইরে যেতে হবে। কারণ, এখানে ব্যবস্থা নেই।
আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ওয়াসি উদ্দিন বলেন, তিনি ছাড়া মাত্র তিনজন চিকিৎসা কর্মকর্তা ও একজন স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন। এই লোকবল নিয়ে চিকিৎসাসেবা দিতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুন নাহার বলেন, প্রতি মাসে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও সরঞ্জামের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরে তথ্য পাঠাতে হয়। এ ছাড়া বিশেষভাবে এসব বিষয়ে অধিদপ্তরে লেখা হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।