স্বাস্থ্য কমপ্লেক্সে তালা দিয়ে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক, সেবিকা, প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতির সংকটে পাবনার ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। প্রয়োজনীয় সেবা না পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী রোববার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে সিভিল সার্জনের অনুরোধে তালা খুলে দেওয়া হয়।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৬ জন চিকিৎসা কর্মকর্তার পদে কর্মরত আছেন মাত্র তিনজন। দীর্ঘ ১৫ বছর ধরে জ্যেষ্ঠ সেবিকার পদটি শূন্য, একমাত্র অ্যাম্বুলেন্সটি নষ্ট হয়ে পড়ে আছে দীর্ঘদিন, এক্স-রে মেশিন শুরু থেকেই বিকল। তাই হাসপাতালে আসা রোগীরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে।এলাকাবাসীর অভিযোগ, তিনজন চিকিৎসক বেশির ভাগ সময় হাসপাতালে থাকেন না। প্রতিদিন সকালে বহির্বিভাগে রোগীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। সেবিকারা রোগীদের সেবা না দিয়ে খারাপ ব্যবহার করেন। কোনো রোগী তাঁদের কাছে সেবা প্রত্যাশা করলে গালিগালজ করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, রোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার রাত আটটার দিকে উপজেলার বুনাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম শহীদুল ইসলামের নেতৃত্বে এলাকাবাসী স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। তারা রাত ১০টা পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা জয়নুল আবেদিনকে স্বাস্থ্য কমপ্লেক্সে না পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে চেয়ারম্যান বিক্ষুব্ধ এলাকাবাসীকে সঙ্গে নিয়ে হাসপাতালের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। বিষয়টি জানাজানি হলে সিভিল সার্জনের অনুরোধে এক ঘণ্টা পর তিনি তালা খুলে দেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাসপাতালে সেবা না পেয়ে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ। চিকিৎসক ও সেবিকারা রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। তাঁরা ঠিকমতো দায়িত্ব পালন করেন না।ফরিদপুর পৌরসভার মেয়র খ ম কামরুজ্জামান জানান, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার সকাল সাড়ে ১০টায় তিনি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়েছিলেন। এ সময় তিনি তিনজন চিকিৎসকের মধ্যে শামসুল হক নামের একজনকে পান। অন্য দুজনের মধ্যে একজন ছুটিতে আছেন বলে জানতে পারেন। অপর চিকিৎসক কামরুজ্জমানের সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি বাড়ি থেকে বেড় হচ্ছেন বলে জানান।এ প্রসঙ্গে আবাসিক মেডিকেল কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামসুল হক প্রথম আলোকে বলেন, চিকিৎসকের স্বল্পতার কারণে রোগীদের সেবা বিঘ্নিত হচ্ছে। কিন্তু দায়িত্ব পালনে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হয়নি। দায়িত্বে অবহেলার অভিযোগে একজন সেবিকা ও একজন চিকিৎসককে কারণ দর্শাতে বলা হয়েছে। সিভিল সার্জন গাজীউল আলম বলেন, কোনো চিকিৎসকই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকতে চান না। ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও কয়েকজন চিকিৎসক দেওয়ার চেষ্টা চলছে। শিগগিরই সমস্যা কেটে যাবে বলে আশা করেন তিনি।