স্বাস্থ্য কমপ্লেক্সে পানি নেই নয় দিন
বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয় দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। পাম্প বিকল হয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ সমস্যা কবে সমাধান হবে, তা সঠিকভাবে বলতে পারছে না কেউ।
সরেজমিনে গতকাল বুধবার দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্স ও আবাসিক ভবনগুলোতে পানির সরবরাহ না থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগী ও আবাসিক বাসিন্দারা। রোগীদের বিভিন্ন ওয়ার্ডে দুর্গন্ধে টেকা দায়। যাঁদের সামর্থ্য আছে, তাঁরা পানি কিনে আনছেন। যাঁদের সামর্থ্য নেই, তাঁরা নানা দুর্ভোগের মধ্যে দিনাতিপাত করছেন।
ভর্তি হওয়া রোগী উপজেলার বাহাদুরপুর গ্রামের শিমুল ঢালী বলেন, গোসল তো দূরে থাক, শৌচাগারেও পানি নেই। একই অভিযোগ আরও অনেকের।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র টেকনিশিয়ান শামীম আহসান জানান, ২১ এপ্রিল পানির পাম্প চালু অবস্থায় বিকল হয়ে যায়। পাম্প মেরামত করার জন্য বরিশালে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক জয়নাল আবেদীন বলেন, পাম্প কবে নাগাদ পাওয়া যাবে, তা সঠিকভাবে বলতে পারছে না কর্তৃপক্ষ।