স্বাস্থ্য কমপ্লেক্সে হত্যার ঘটনায় আরেকজন গ্রেপ্তার
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শৌচাগারে ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক হরমুজ খাঁকে (৫০) হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার পুলিশ উপজেলার পূর্বপাড়া গ্রামের বাড়ি থেকে চয়ন মিয়াকে (৩২) গ্রেপ্তার করে। এ সময় তাঁর ঘর থেকে রক্তমাখা প্যান্ট উদ্ধার করা হয়।হরমুজের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাহমুদনগর গ্রামে।পুলিশ জানায়, গত মঙ্গলবার হরমুজ খুন হওয়ার পর তাঁর মুঠোফোনের সূত্র ধরে বুধবার স্বাস্থ্য কমপ্লেক্সের দুই আয়াকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে এক আয়া পুলিশের কাছে হত্যাকাণ্ডের বর্ণনা দেন। পরে ওই আয়া বিচারিক হাকিমের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. রুস্তম আলী সরকারের কাছে দেওয়া জবানবন্দিতে তিনি বলেন, মোটরসাইকেলের সংঘবদ্ধ চোর ও ছিনতাইকারী চক্রের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। চোর চক্রের কথামতো তিনি হরমুজকে কটিয়াদীতে আসতে বলেন। পরে হরমুজ মোটরসাইকেল নিয়ে কটিয়াদীতে আসেন। এরপর ওই স্বাস্থ্য কমপ্লেক্সের শৌচাগারে হরমুজকে প্রথমে মাথায় আঘাত করেন চয়ন মিয়া। পরে ছুরি দিয়ে তাঁর গলা কেটে ফেলেন চয়ন ও শামীম।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান জানান, চয়ন পুলিশের কাছে হরমুজকে হত্যা করার কথা স্বীকার করেছেন।