স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ দ্রুত শেষ করারনির্দেশ
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের অসমাপ্ত সংস্কারকাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সিলেট বিভাগীয় প্রকৌশলী ঠিকাদারকে এ নির্দেশ দিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের পাঁচ মাস পরেও স্বাস্থ্য কমপ্লেক্স সংস্কারের কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান নর্থ সুরমা কনস্ট্রাকশন। এ কারণে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও রোগীরা ভোগান্তিতে রয়েছে। এ নিয়ে ২১ মে প্রথম আলোতে ‘ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঠিকাদারের গাফিলতি রোগীদের ভোগান্তি’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঝন্টু সরকার জানান, প্রতিবেদন প্রকাশের পর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সিলেট বিভাগীয় প্রকৌশলী এ কে এম বদরুল ইসলাম, সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী প্রকৌশলী আশুতোষ কর্মকার, উপসহকারী প্রকৌশলী মামুনুর রশীদ গতকাল দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তাঁরা দ্রুত কাজ শেষ করা হবে বলে আশ্বাস দেন।
এ কে এম বদরুল ইসলাম জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিককে আগামী এক মাসের মধ্যে বাকি কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।