স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে কারণ দর্শাও নোটিশ
অনুমতি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত ও অ্যাম্বুলেন্স ব্যবহারের অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল বুধবার এই নোটিশ দেওয়া হয়। নোটিশ প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সহকারী সার্জন নাঈম হাসান, আক্কাসুর রহমান, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আনোয়ারুল ইসলাম, রুবেল হোসেন ও ওয়ার্ডবয় আকতারুজ্জামান হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সে করে রংপুরের উদ্দেশে যাত্রা করেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় তাঁরা একই অ্যাম্বুলেন্সে করে হাতীবান্ধায় ফিরে আসেন।
এ বিষয়ে জানতে নাঈম হাসান ও আক্কাসুর রহমানের মুঠোফোনে বারবার ফোন করলেও তাঁরা ধরেননি।
অ্যাম্বুলেন্সের চালক দবিয়ার রহমান বলেন, ‘নাঈম স্যার অসুস্থ ছিলেন বলে শুনেছি, আকতারুজ্জামান অ্যালার্জির জন্য চিকিৎসক দেখিয়েছেন বলে জেনেছি, অন্যরা কেন গিয়েছিলেন তা আমার জানা নেই।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমজান আলী বলেন, নাঈম হাসান কর্মস্থল ত্যাগ বা সরকারি অ্যাম্বুলেন্স সারা দিনের জন্য নিতে অনুমতি নেননি।
সিভিল সার্জন আ স ম আব্দুস ছামাদ বলেন, গত রোববার ওই হাসপাতালে বিনা চিকিৎসায় এক যুবকের মৃত্যুর গুজবে হামলা ও ভাঙচুর হয়। এরপর বিনা অনুমতিতে ওই পাঁচজনের কর্মস্থল ত্যাগ ও সরকারি অ্যাম্বুলেন্স নিজেদের প্রয়োজনে আটকে রাখা দায়িত্বে অবহেলার শামিল।