স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গায় আ.লীগ নেতার মার্কেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গা দখল করে আওয়ামী লীগের এক নেতা বিপণিবিতান (মার্কেট) নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৭ সালে উপজেলার ডুমরা মৌজায় মোট চার একর ২৯ শতক জায়গার ওপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়। গত জুলাই মাসে হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানার ভেতর ভূমির মালিকানা দাবি করে ইসহাক বিপণিবিতান নির্মাণ শুরু করেন। উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, ‘আমরা জানি, ওই জায়গা হাসপাতালের। কিন্তু গত জুলাই মাসের প্রথম দিকে হঠাৎ করে হাসপাতাল এলাকার মধ্যে মালিকানা দাবি করে ইসহাক বিপণিবিতান নির্মাণ শুরু করেন। এ নিয়ে আমরা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ দিয়েছি। তাতে কোনো কাজ হয়নি।’ উপজেলা পরিষদের চেয়ারম্যান অবনী মোহন দাস প্রথম আলোকে বলেন, গত বছর উপজেলা সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, ওই জায়গা হাসপাতালের বলে সীমানা চিহ্নিত করে দেওয়া হয়। কিন্তু কিছুদিন আগে ইসহাক বেআইনিভাবে হাসপাতালের জায়গায় বিপণিবিতান নির্মাণ করেন। কিন্তু প্রশাসন নীরব। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুস সাত্তার মিয়া প্রথম আলোকে বলেন, ‘ইসহাক সুবিধাবাদী লোক। তিনি বিএনপি থেকে আওয়ামী লীগে এসেছেন এবং দলের একজন সাধারণ সদস্য। তিনি সরকারি জায়গা দখলে নিয়ে বিপণিবিতান নির্মাণ করে দলের ভাবমূর্তি নষ্ট করবেন—সেটা হতে দেওয়া যাবে না।’ এ ব্যাপারে ইসহাক মিয়া বলেন, ‘আমি কোনো নেতা নই। তবে আওয়ামী লীগে ভোট দিই। হাসপাতালের কোনো জায়গা আমি দখল করিনি।’ তিনি দাবি করেন, এই জায়গা তিনি ক্রয় করেছেন। তবে কার কাছ থেকে ক্রয় করেছেন, জানতে চাইলে তিনি স্পষ্ট করে কিছু বলতে পারেননি।