পাঁচ লক্ষাধিক টাকা বকেয়া থাকায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ।
গতকাল শনিবার দুপুর একটায় চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর মিরসরাই জোনাল অফিসের কর্মকর্তারা গিয়ে এ অভিযান চালান।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর মিরসরাই জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক সিদ্দিকুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদু্যুতের মোট বকেয়া পাঁচ লাখ ৮১ হাজার ৩৫৫ টাকা। যার মধ্যে ২০০৮ সালের ফেব্রুয়ারি ও মার্চ, ২০১০ সালের জুন থেকে ডিসেম্বর, ২০১১ সালের মে, ২০১২ সালের জানুয়ারি, মে, আগস্ট, নভেম্বর, ডিসেম্বর এবং চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এ জন্য তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধানকেই দায়ী করছেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তবারক উল্লাহ বলেন, বরাদ্দ না আসায় বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করা সম্ভব হচ্ছে না। তিনি জানান, সংযোগ বিচ্ছিন্ন করলেও প্রায় দেড় ঘণ্টা পর আবার পল্লী বিদ্যুৎ সংযোগ প্রদান করে। কারণ বিদ্যুৎ ছাড়া শিশুদের জন্য রক্ষিত সরকারি ভ্যাকসিন নষ্ট হলে এর দায় কে নেবে?
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর মিরসরাই জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক সিদ্দিকুর রহমান বলেন, প্রশাসনের সবার অনুরোধে স্বাস্থ্য কমপ্লেক্সের সংযোগ পুনরায় দিয়ে দেওয়া হয়েছে।