স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে কুদ্দুস বয়াতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ করেছেন বিশিষ্ট লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। গত শুক্রবার তিনি কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দেন।

তবে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কুদ্দুস বয়াতির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পূর্বশত্রুতার জের ধরে তিনি এ অভিযোগ করে থাকতে পারেন।’

কুদ্দুস বয়াতি ও তাঁর স্ত্রী পাপিয়া কুদ্দুস মুঠোফোনে বলেন, শুক্রবার দুপুরে বয়াতির ভাই আয়নাল হকের ছেলে সাহাদাত হোসেন (১৩) কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। বেলা দেড়টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তর কাছে লোক দিয়ে খবর পাঠিয়ে এবং মুঠোফোনে বারবার মিনতি করলেও তিনি রোগী দেখতে আসেননি। এমনকি সহযোগিতাও করেননি। অথচ হাসপাতালের পাশেই তিনি ব্যক্তিগতভাবে রোগী দেখছিলেন। রাত ১০টার দিকে অবস্থার অবনতি হলে সাহাদাতকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কুদ্দুস বয়াতি বলেন, ‘সাহাদাতের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসক সাইফুল ইসলামের গাফিলতির কারণেই এ অবস্থা হয়েছে। তিনি সাহাদাতকে সময়মতো চিকিৎসা ও অন৵ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেননি। সাহাদাতের মৃত্যু হলে ওই ডাক্তারই দায়ী থাকবেন।’

স্থানীয় একটি সূত্রে জানা গেছে, কুদ্দুস বয়াতির সঙ্গে সাইফুল ইসলামের কিছুদিন আগেও দহরম-মহরম ছিল। নানা কারণে সেই সম্পর্কের অবনতি হয়।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, কুদ্দুস বয়াতির ভাতিজাকে হাসপাতালে ভর্তি করার সঙ্গে সঙ্গে জরুরি বিভাগের চিকিৎসক আলী মো. হোসেন প্রয়োজনীয় চিকিৎসা দেন। কোনো গাফিলতি হয়নি। রাতের দিকে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়। রোগীর পক্ষ থেকে কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করেননি বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘কুদ্দুস বয়াতির অভিযোগ পেয়েছি। বিষয়টি ডিপার্টমেন্টাল (বিভাগীয়) হওয়ায় এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে বলেছি।’