স্বাস্থ্য খাতে অনিয়মের প্রতিবাদ ও বক্তব্য
গত ২৪ মে প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘৪০০ কোটি টাকার হিসাব মিলছে না’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও হাসপাতাল শাখার সাবেক পরিচালক এ বি এম আব্দুল হান্নান। তিনি দাবি করেছেন, সরকারি হাসপাতালগুলো বিধি মোতাবেক সরকারি ক্রয় আইন ও বিধিমালা (পিপিএ ২০০৬ ও পিপিআর ২০০৮) মেনে অনুমোদিত বিভিন্ন কমিটির মাধ্যমে কেনাকাটা করে। হাসপাতাল শাখার পরিচালক শুধু বাজেট বরাদ্দ দেন। কেনাকাটার সঙ্গে অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালকের কোনো সম্পর্ক নেই। নিরীক্ষা পর্যবেক্ষণে আপত্তি থাকলে তা সরকারি নিয়ম অনুসারে নিষ্পত্তি করা হয়। এটি একটি চলমান প্রক্রিয়া। প্রতিবেদনে তাঁর মানহানি হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য: স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের কার্যপরিধিতে বলা হয়েছে, শুধু বাজেট বরাদ্দ দেওয়া নয়, সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হাসপাতাল শাখার পরিচালকের দায়িত্ব। এ ছাড়া আব্দুল হান্নান ‘হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম’ (হাসপাতাল ব্যবস্থাপনা)-এর ‘লাইন ডিরেক্টর’ হিসেবে দায়িত্ব পালন করেছেন। রোগীদের স্বার্থে কোথায় কোন যন্ত্রপাতি কেনা হচ্ছে, কীভাবে ব্যবহৃত হচ্ছে, আদৌ হচ্ছে কি না, এসব দেখার দায়িত্ব নিয়ম অনুযায়ী তাঁর ওপর বর্তায়।
প্রসঙ্গত, প্রতিবেদনটি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়ের নিরীক্ষা প্রতিবেদনের ওপর ভিত্তি করে লেখা। প্রতিবেদনটি ছাপার আগে আব্দুল হান্নানের সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে প্রতিবেদকের কথা হয়। তিনি তখনো বলেছেন, নিরীক্ষা পর্যবেক্ষণে আপত্তি নিষ্পত্তি হবে, এটি একটি চলমান প্রক্রিয়া। যথাযথভাবে তাঁর এ বক্তব্য ছাপা হয়েছে।
আরও প্রতিবাদ: গত ২৬ মে প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘৩২০ টাকার বই ৮৮ হাজার টাকা!’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের একটি অংশের প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা মেডিকেল কলেজ। অধ্যক্ষের দাবি, দরপত্র ও কেনাকাটা যথাযথ নিয়ম মেনে করা হয়েছে। অডিট আপত্তির বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। আপত্তি উঠতেই পারে, আবার সেটি নিষ্পত্তি হয়। সুনির্দিষ্ট চাহিদার পরিপ্রেক্ষিতে কেনাকাটা করা হয়েছে। বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজে ১৫টি বিভাগ চালু আছে এবং ২০৮ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। কেনা সব জিনিসপত্র সঠিকভাবে ব্যবহারের সুযোগ আছে এবং ব্যবহৃত হচ্ছে। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের বর্তমান ও নিকট ভবিষ্যতের প্রয়োজনীয়তা বিবেচনা করে বই ও আসবাব সংগ্রহ করা হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য: নির্দিষ্ট কোনো তথ্যের প্রতিবাদ না করে ঢালাওভাবে প্রতিবাদ জানানো হয়েছে। কিন্তু প্রতিবেদনে একই ব্যক্তির ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের নামে দরপত্রে অংশগ্রহণের সুনির্দিষ্ট তথ্য আছে এবং কলেজের তৎকালীন অধ্যক্ষ স্বীকার করেছেন, দরপত্র মূল্যায়নে তাঁরা ভুল করেছেন। ফলে এটা প্রমাণিত যে দরপত্র মূল্যায়ন কমিটি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং এটা ২০০৬ সালের পাবলিক প্রকিউরমেন্ট আইনের ৬৪(২) ধারার লঙ্ঘন। নিরীক্ষা বিভাগ বলছে, মেডিকেল কলেজের মূল ভবন নির্মাণের আগে অস্থায়ী ভিত্তিতে আবাসিক ভবনগুলোতে প্রশাসনিক ও একাডেমিক কাজ পরিচালনার জন্য এত বিপুল পরিমাণ আসবাব প্রয়োজন হয় না।