প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে কেউ অনুদান দিলে তিনি কর ছাড়ের সুবিধা পাবেন। গতকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মানসিক স্বাস্থ্যবিষয়ক ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন ও বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, তাঁর সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে সবার অংশীদারি নিশ্চিত করতে চায়। তিনি পরিবার ও সমাজে নিরবচ্ছিন্ন শান্তি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিন দিনব্যাপী এই সম্মেলনের আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রি। শেখ হাসিনা বলেন, পরিপূর্ণ বিকাশে শিশুকে মন খুলে কথা বলার সুযোগ করে দিতে হবে। পরিবারে ও শিক্ষাপ্রতিষ্ঠানে ভয়ভীতিমুক্ত পরিবেশ শিশুর জন্য নিশ্চিত করতে হবে। অনেক পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠান মনে করে, ধমক বা মারধর না করলে শিশু ঠিকমতো বেড়ে ওঠে না। এটা ঠিক নয়। প্রধানমন্ত্রী বলেন, মানসিক স্বাস্থ্য আইন চূড়ান্ত করার কাজ চলছে। প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যায় মানসিক স্বাস্থ্যসেবাকে কীভাবে অন্তর্ভুক্ত করা যায়, তা নিয়ে আলোচনা চলছে। তিনি বলেন, পাবনার মানসিক হাসপাতালটির অবস্থা অত্যন্ত করুণ। এটিকে আধুনিক করার কাজ চলছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের মনোরোগ চিকিৎসক আছেন, তবে সংখ্যা কম। সরকারি হাসপাতালে মনোরোগ চিকিৎসকের পদের সংখ্যা কম। পদ সৃষ্টিতে সরকার আগ্রহী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসকেরা মাত্র ছয় ঘণ্টা সেবা দেন। জরুরি প্রয়োজনে নির্দিষ্ট সময়ের বাইরেও তাঁদের সেবা দিতে হবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রির সভাপতি মো. গোলাম রব্বানী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরে মানসিক স্বাস্থ্য বিষয়ে পৃথক শাখা খোলা প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশে মানসিক রোগে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওয়াজিউল আলম চৌধুরী বলেন, প্রতিটি মেডিকেল কলেজে মনোরোগ বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়ার পাশাপাশি গবেষণার সুযোগ তৈরি ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের উদ্যোগ নিতে হবে। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণ উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী প্রমুখ বক্তব্য দেন। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ৭৯ জন মনোরোগ চিকিৎসক অংশ নিচ্ছেন।