স্বাস্থ্য খাতে অনেক গুরুত্বপূর্ণ অর্জন সম্ভব হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই সরকারের আমলে দেশের স্বাস্থ্য খাতে অনেক গুরুত্বপূর্ণ অর্জন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক। গতকাল শনিবার সরকারের তিন বছরে স্বাস্থ্য খাতের পরিস্থিতি নিয়ে এক সেমিনারে তিনি এ কথা বলেন।জাতীয় জাদুঘরে এই সেমিনারের আয়োজন করে আওয়ামী লীগ। সেমিনারের শুরুতে ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: স্বাস্থ্যসেবায় অগ্রগতির তিন বছর’ শিরোনামের মূল বক্তব্য উপস্থাপন করেন দলের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া। স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রমে উন্নয়নের নানা চিত্র তুলে ধরেন। তিনি বলেন, গত তিন বছরে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমার পাশাপাশি গড় আয়ু বেড়েছে। এ ছাড়া চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও হাসপাতালে শয্যার সংখ্যা বেড়েছে। সব মিলিয়ে সরকারি খাতে স্বাস্থ্যসেবার গুণগত ও পরিমাণগত উভয় ধরনের মানোন্নয়ন হয়েছে।মন্ত্রী আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার পূরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বলেন, ২০১৬ সাল পর্যন্ত মন্ত্রণালয়ের অগ্রাধিকার সাতটি। এর মধ্যে আছে: স্বাস্থ্য-সম্পর্কিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জন, জনসংখ্যা কর্মসূচি জোরদার, পুষ্টি পরিস্থিতির উন্নয়ন, ব্যাধি মোকাবিলা, কমিউনিটি ক্লিনিক ও উপজেলা পর্যায় থেকে রেফারেল পদ্ধতি প্রবর্তন, স্বাস্থ্য খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি-বেসরকারি পর্যায়ে অংশীদারি জোরদার করা।মূল বক্তব্যে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া স্বাস্থ্য খাতে সরকারের অবদানের বিভিন্ন তথ্য তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, মাতৃমৃত্যুর হার কমিয়ে লাখে ১৯৮-এ নামিয়ে আনা হয়েছে। সরকারের লক্ষ্য ২০১৫ সালের মধ্যে তা ১৪৩-এ নামিয়ে আনা। ১৪২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা এবং নয়টি জেলা হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। অ্যাডহক ভিত্তিতে চার হাজার ১৩৩ জন এবং বিসিএসের মাধ্যমে প্রায় এক হাজার চিকিৎসক নিয়োগ করা হয়েছে। এ ছাড়া মাঠপর্যায়ে সেবা সম্প্রসারণ, তথ্যপ্রযুক্তির সূচনা, নতুন পদ সৃষ্টি, মেডিকেল শিক্ষা সম্প্রসারণ, কিছু আইনগত উদ্যোগসহ বিভিন্ন কার্যক্রমের বিবরণ দেওয়া হয় মূল বক্তব্যে।তবে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম চিকিৎসার সার্বিক চিত্র নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, দেশে ব্যাঙের ছাতার মতো রোগনির্ণয় কেন্দ্র হচ্ছে। মুদি দোকানের ওপরে রোগনির্ণয় কেন্দ্র দেখা যায়। এদের অনেকের অনুমতি নেই।...সরকারি হাসপাতালে বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কাজ শেষে অনেক চিকিৎসক বেসরকারি মেডিকেল কলেজে লেকচার দেন। সন্ধ্যায় রোগী দেখেন। এ সময় রোগীকে দুই থেকে পাঁচ মিনিটের বেশি সময় দেন না।শেখ সেলিম বলেন, উন্নত চিকিৎসার জন্য মানুষ বিদেশে যায় বলে প্রতিবছর প্রায় ১৫ হাজার কোটি টাকা দেশের বাইরে চলে যাচ্ছে।সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য প্রাণ গোপাল দত্ত দরিদ্র মানুষকে স্বাস্থ্যসেবার আওতায় আনার জন্য বিত্তবানদের সহায়তায় ‘স্বাস্থ্য কল্যাণ তহবিল’ গঠনের প্রস্তাব করেন।সাবেক সহ-উপাচার্য রশীদ-ই-মাহবুব বলেন, গ্রামে চিকিৎসক থাকছেন না। এই সমস্যার সমাধান মন্ত্রণালয়কে বের করতে হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক মোশতাক হোসেন, সরকার-সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ইকবাল আর্সলান বক্তব্য দেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাংসদ আবদুল মান্নান সেমিনারে সভাপতিত্ব করেন।