স্বাস্থ্য খাতে জবাবদিহি নিয়ে আজ ঢাকায় সম্মেলন শুরু
স্বাস্থ্য খাতে পর্যবেক্ষণ, মূল্যায়ন ও জবাবদিহি-বিষয়ক আঞ্চলিক সম্মেলন আজ মঙ্গলবার ঢাকায় শুরু হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত তিন দিনব্যাপী এই সম্মেলনে স্বাস্থ্য খাতে নেতৃত্ব, সুশাসন, অংশীদারি, জবাবদিহি নিয়ে কাজ করেছেন এমন বিশেষজ্ঞরা অংশ নেবেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডি, জার্মান সংস্থা জিআইজেড এই সম্মেলন আয়োজনে সরকারকে সহযোগিতা করছে। ঢাকার একটি অভিজাত হোটেলে এই সম্মেলন হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র বলেছে, ২০১৫ সালের জুনে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে স্বাস্থ্যে পরিমাপ ও জবাবদিহি বিষয়ে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ওই সম্মেলনের কো-স্পনসর ছিল। সম্মেলনে বাংলাদেশ একটি আঞ্চলিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দেয়। সেই পরিপ্রেক্ষিতে ঢাকায় সম্মেলন হতে যাচ্ছে।
সম্মেলনে বাংলাদেশসহ ভুটান, কম্বোডিয়া, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল, নেদারল্যান্ডস, নরওয়ে, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা অংশ নেবেন। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও অংশ নেবেন। সম্মেলনে ১১টি কারিগরি অধিবেশন ছাড়াও কয়েকটি প্যানেল আলোচনা ও গোলটেবিল বৈঠক হবে।