স্বাস্থ্য খাতে টাকার অভাব নেই, অভাব উদ্যোগের: স্বাস্থ্যসচিব
স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন বলেছেন, স্বাস্থ্য খাতে টাকার কোনো অভাব নেই। কিন্তু উদ্যোগের অভাব আছে। আজ বুধবার প্রথম আলো আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যসচিব বলেন, ‘টাকার সমস্যা নাই। কিন্তু আমাদের ইনিশিয়েটিভের অভাব আছে। আমরা রুটিন মাফিক কাজ করি। অফিসে যাই। সাইন দিয়ে চলে আসি।’
নিয়াজউদ্দিন বলেন, মা ও শিশুমৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ একটি দৃষ্টান্ত। কিন্তু বাল্যবিবাহ রোধ করা যাচ্ছে না। অপ্রাপ্তবয়স্ক ও অপুষ্টিতে ভোগা মায়েরা অপুষ্ট সন্তানের জন্ম দিচ্ছেন। তাঁদের সবার কাছে পরিবার পরিকল্পনা সেবা পৌঁছে দেওয়া যাচ্ছে না। ধীরে ধীরে মেধাশূন্য একটি জাতিতে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে।
স্বাস্থ্যসচিব বলেন, দুই মাসের মধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন চার হাজার পরিবারকল্যাণ কেন্দ্রে প্রসূতিসেবা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। শহর এলাকায় স্বাস্থ্যসেবার মান গ্রামাঞ্চলের চেয়ে খারাপ। ঢাকায় প্রসূতি মায়েদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, আজিমপুর ম্যাটারনিটি ও মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টারে এসে সেবা নেওয়ার অনুরোধ জানান তিনি।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবুল কালাম আজাদ জানিয়েছেন, প্রত্যেক গর্ভবতী নারী ও পাঁচ বছরের নিচের শিশু যেন স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যে সরকার কাজ করছে। দেশের সব কমিউনিটি ক্লিনিকে একটি করে ট্যাব দেওয়া হয়েছে। সরকারি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কাজে যুক্ত কর্মীদের গর্ভবতী ও প্রসূতি নারী এবং শিশুদের নিবন্ধন ও পর্যবেক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আবুল কালাম আজাদ আরও বলেন, দেশের প্রতিটি হাসপাতালের সঙ্গে অধিদপ্তর নেটওয়ার্ক প্রতিষ্ঠা (যোগাযোগ রক্ষা) করে। হাসপাতালের দেয়ালে মোবাইল ফোনের নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারে যেকোনো রোগী তাঁদের সুবিধা-অসুবিধার কথা জানাতে পারবেন। বৈঠক চলাকালীন তাঁর কাছে বেশ কিছু বার্তা আসে। সে অনুযায়ী তিনি প্রয়োজনীয় নির্দেশনাও দেন।
উল্লেখ্য, স্বাস্থ্য খাতে প্রযুক্তির সফল ব্যবহারের কারণে বাংলাদেশকে জাতিসংঘ পুরস্কৃত করেছে।
গোলটেবিল বৈঠকটিতে সহযোগিতা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম (আরএইচস্টেপ)। প্রথম আলো কার্যালয়ে আয়োজিত বৈঠকটির শিরোনাম ছিল, ‘কায়রো সম্মেলনের ২০ বছর ও বাংলাদেশের প্রজননস্বাস্থ্য’।