স্বাস্থ্য খাতে দরকার নির্ভরযোগ্য উপাত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য খাতে নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে সময়মতো ও নির্ভরযোগ্য উপাত্ত দরকার। জবাবদিহি নিশ্চিত করতে, কর্মক্ষমতা ও দক্ষতা পরিমাপ করতে এবং সম্পদের হিসাব রাখতে উপাত্ত অপরিহার্য। স্বাস্থ্যসেবাগ্রহীতাদেরও হালনাগাদ তথ্য-উপাত্তের দরকার হয়।
ঢাকায় অনুষ্ঠিত ‘স্বাস্থ্যে সিদ্ধান্তের জন্য উপাত্ত’ (ডেটা ফর ডিসিশন ইন হেলথ) শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা এ কথা বলেন। রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, ইউএনএফপিএ, আইসিডিডিআরবি, ইউএসএআইডিসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। গতকাল ছিল শেষ দিন।
সম্মেলনে অংশ নিয়েছেন ২৩০ জন প্রতিনিধি। এর মধ্যে বাংলাদেশ ছাড়াও ১৯টি দেশের ২৫ জন প্রতিনিধি আছেন।
গতকাল রোববার বিকেলে প্যানেল অধিবেশনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্মসূচির নীতি উপদেষ্টা আনির চৌধুরী বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্যপ্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর সেবা প্রদান, প্রশাসনিক নজরদারি এবং সমন্বয়ের কাজে তথ্যপ্রযুক্তি ব্যবহার করছে।
এই অধিবেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, আইসিডিডিআরবি, ইউএনএফপিএর প্রতিনিধিরা স্বাস্থ্য খাতে কে কী সহায়তা দিচ্ছে, বিশেষ করে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে তাদের দেওয়া সহায়তার বর্ণনা করেন। যুক্তরাজ্যের আন্তর্জাতিক সহায়তা প্রতিষ্ঠান ডিএফআইডির স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপদেষ্টা শেহলিনা আহমেদ বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য খাতে দাতাদের সহায়তাও কমে আসছে। তবে সৃজনশীল বা উদ্ভাবনীমূলক প্রকল্প পেলে দাতারা তাতে সহায়তা দেবে।
দুই দিনের আটটি বিষয়ভিত্তিক অধিবেশনে ৩০টির বেশি প্রবন্ধ উপস্থাপন করা হয়। ‘সফলতার জন্য লক্ষ্য নির্ধারণ: সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ও এসডিজি অর্জনের পথ’ শীর্ষক অধিবেশনে রোগী বা সেবাগ্রহীতারা সরকারি হাসপাতালের সেবা পেতে কীভাবে মুঠোফোনে খুদে বার্তা ব্যবহার করেছে, তার বর্ণনা দেন স্বাস্থ্য অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের পরিচালক আশিষ কুমার সাহা। তিনি বলেন, খুদে বার্তার মাধ্যমে কীভাবে অভিযোগ বা পরামর্শ পাঠাতে হবে, তার নির্দেশনা দিয়ে ৮০০ হাসপাতালে সাইনবোর্ড দেওয়া হয়েছে। খুদে বার্তার মাধ্যমে পাওয়া অভিযোগের ৫৮ শতাংশ কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ব অবহেলার। মোট অভিযোগের ৬ শতাংশ মারাত্মক, ১৪ শতাংশ অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। আরেকটি অধিবেশনে সিআরভিসির সমন্বয়কারী শাহ আলী আকবর আশরাফি বলেন, বর্তমানে জন্ম ও মৃত্যু নিবন্ধনের হার খুবই কম।