স্বাস্থ্য খাতে নারী ও দরিদ্র জনগোষ্ঠী বেশি লাভবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে স্বাস্থ্য খাতের যে অর্জন তাতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে দেশের দরিদ্র জনগোষ্ঠী ও নারী সমাজ।গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জনস্বাস্থ্য সম্মেলন-২০১৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) অন্তর্বর্তীকালীন পরিচালক আব্বাস ভূঁইয়া এ তথ্য তুলে ধরেন।আইসিডিডিআরবির অন্তর্বর্তীকালীন পরিচালক বলেন, ৫০ বছর আগে মানুষের যে গড় আয়ু ছিল, এখন মানুষের গড় আয়ু এর দ্বিগুণ। এ ছাড়া শিশুমৃত্যুর হার কমাতে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, মানুষের গড় আয়ু বৃদ্ধি ও শিশুমৃত্যুর হার কমানো—এই দুটি খাতের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, এতে দরিদ্র জনগোষ্ঠী আর নারী সমাজ বেশি লাভবান হয়েছে।জনস্বাস্থ্য কর্মসূচি, নীতি ও পরিকল্পনার প্রাতিষ্ঠানিকীকরণ, বিভিন্ন খাতের সমন্বয় এবং জনমিতি ও রোগের ধরন—এসব বিষয়ে অনেক বৈজ্ঞানিক অধিবেশন এ সম্মেলনে অনুষ্ঠিত হবে। কাল ১৫ জানুয়ারি সম্মেলন শেষ হবে।আয়োজকেরা বলেন, জনস্বাস্থ্য খাতে সবচেয়ে ভালো উদাহরণগুলো মানুষকে জানানো ও এ খাতে নেটওয়ার্ক গড়ে তোলার জন্য এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। অন্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের উপাচার্য প্রাণ গোপাল দত্ত প্রমুখ।