স্বাস্থ্য খাতে বরাদ্দের হার আগের চেয়ে কম: স্বাস্থ্যমন্ত্রী

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদে জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দের পরিমাণ আগের চেয়ে তুলনামূলক হারে কমে এসেছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ তথ্য দেন।
সরকারি দলের আবদুল মুনিম চৌধুরীর এ সম্পর্কিত প্রশ্নের জবাবে মন্ত্রী স্বাস্থ্য খাতে ২৪ বছরের (১৯৯০-৯১ থেকে ২০১৩-১৪) বাজেটের তথ্য তুলে ধরেন। এতে দেখা গেছে, মোট বাজেটের আনুপাতিক হার অনুযায়ী গত তিন অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের পরিমাণ আগের যেকোনো সময়ের চেয়ে কম।
মোহাম্মদ নাসিমের ভাষ্য, ২৪ বছরে বাজেটে মোট বরাদ্দ ছিল ১৫ লাখ ৭২ হাজার ৩০২ কোটি টাকা। এর মধ্যে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল ৯১ হাজার ৬৪৭ কোটি টাকা। গড় বরাদ্দের হার ৬ দশমিক ৫২ শতাংশ।
হিসাবে দেখা গেছে, ১৯৯০-৯১ সালে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল মোট বাজেটের ৬ দশমিক ৩১ শতাংশ। সর্বাধিক ৮ দশমিক ৬৬ শতাংশ বরাদ্দ ছিল ১৯৯৬-৯৭ অর্থবছরে। এরপর ২০১০-১১ অর্থবছর পর্যন্ত প্রতিবছর বরাদ্দ ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ থেকে সাড়ে ৭ শতাংশের মধ্যে। কিন্তু গত তিন অর্থবছরে তা উল্লেখযোগ্য হারে কমে গেছে। গত অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল মোট বাজেটের ৪ দশমিক ৬০ শতাংশ। তার আগের বছর ছিল ৪ দশমিক ৮২ শতাংশ। ২০১১-১২ বছরে বরাদ্দ ছিল ৫ দশমিক শূন্য ৬ শতাংশ।
প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
জাতীয় পার্টির মাহজাবীন মোরশেদের প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তথ্য অনুসারে ঢাকা শহরে ৯৩টি ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শন রয়েছে। এর মধ্যে ৩২টি সংরক্ষিত। এসব স্থাপনা রক্ষা ও সংস্কারে সরকার ২০১৪ থেকে ২০১৭ মেয়াদে ৪৫২ কোটি টাকা ব্যয়ে একটি কর্মসূচি নিয়েছে।
হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলা ভাষাকে যথাযথভাবে নাটক শিল্পে উপস্থাপনের জন্য মন্ত্রণালয় বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রতিবছর জেলা ও উপজেলা পর্যায়ে নাটক রচনা, জেলা পর্যায়ে নাটক নির্দেশনা এবং বাংলা উচ্চারণ ও অভিনয় বিষয়ে কর্মশালা আয়োজন করা।
মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশ ৩১টি দেশে সুগন্ধি চাল রপ্তানি করে চার হাজার ৮৪৮ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।