স্বাস্থ্য খাতে বরাদ্দের হার কমে এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদে জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দের পরিমাণ অতীতের চেয়ে তুলনামূলক হারে কমে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার প্রশ্নোত্তরপর্বে তিনি এ তথ্য জানান।
সরকারি দলের আবদুল মুনিম চৌধুরীর এ সম্পর্কিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য খাতে ২৪ বছরের (১৯৯০-৯১ থেকে ২০১৩-১৪ অর্থবছর) বাজেটের তথ্য তুলে ধরেন। এতে দেখা গেছে, মোট বাজেটের আনুপাতিক হার অনুযায়ী গত তিন অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের পরিমাণ অতীতের যেকোনো সময়ের চেয়ে কম।
মোহাম্মদ নাসিম জানান, গত ২৪ বছরে বাজেটে মোট বরাদ্দ ছিল ১৫ লাখ ৭২ হাজার ৩০২ কোটি টাকা। এর মধ্যে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল ৯১ হাজার ৬৪৭ কোটি টাকা। গড় বরাদ্দের হার ৬ দশমিক ৫২ শতাংশ।
হিসাবে দেখা গেছে, ১৯৯০-৯১ সালে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল মোট বাজেটের ৬ দশমিক ৩১ শতাংশ। সর্বাধিক ৮ দশমিক ৬৬ শতাংশ বরাদ্দ ছিল ১৯৯৬-৯৭ অর্থবছরে। এরপর ২০১০-১১ অর্থবছর পর্যন্ত প্রতিবছর বরাদ্দ ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ থেকে সাড়ে ৭ শতাংশের মধ্যে। কিন্তু গত তিন অর্থবছরে তা উল্লেখযোগ্য হারে কমে গেছে। গত অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ ছিল মোট বাজেটের ৪ দশমিক ৬০ শতাংশ। তার আগের বছর ছিল ৪ দশমিক ৮২ শতাংশ। ২০১১-১২ বছরে বরাদ্দ ছিল ৫ দশমিক শূন্য ৬ শতাংশ।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
জাতীয় পার্টির মাহজাবীন মোরশেদের প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর জানান, রাজউকের তথ্যানুযায়ী ঢাকা শহরে ৯৩টি ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শন রয়েছে। এর মধ্যে ৩২টি সংরক্ষিত। এসব স্থাপনা রক্ষা ও সংস্কারে সরকার ২০১৪ থেকে ২০১৭ মেয়াদে ৪৫২ কোটি টাকা ব্যয়ে একটি কর্মসূচি গ্রহণ করেছে।
সরকারি দলের হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলা ভাষাকে যথাযথভাবে নাটক শিল্পে উপস্থাপনের জন্য মন্ত্রণালয় বেশ কিছু কর্মসূচি নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রতিবছর জেলা ও উপজেলা পর্যায়ে নাটক রচনা, জেলা পর্যায়ে নাটক নির্দেশনা এবং বাংলা উচ্চারণ ও অভিনয় বিষয়ে কর্মশালার আয়োজন করা।
মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশ ৩১টি দেশে সুগন্ধি চাল রপ্তানি করে ৪ হাজার ৮৪৮ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।