স্বাস্থ্য খাতে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে
স্বাস্থ্য খাতে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। জাতিসংঘ ও বিশ্বব্যাংকের উপাত্তের ওপর ভিত্তি করে তৈরি নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান ব্লুমবার্গের তৈরি তালিকায় এ চিত্র উঠে উঠেছে। অন্তত ১০ লাখ জনসংখ্যা আছে, বিশ্বের এমন ১৪৫টি দেশের স্বাস্থ্য খাতের চিত্র তুলে ধরা হয় ব্লুমবার্গের তালিকায়। এসব দেশের মধ্যে বাংলাদেশ ৯৪, পাকিস্তান ১০০ ও ভারতের অবস্থান ১০৩।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে স্বাস্থ্য খাতে সবচেয়ে ভালো অবস্থানে আছে শ্রীলঙ্কা। দেশটির অবস্থান ৫৬। এ ছাড়া নেপালের অবস্থান ৮৯। এশিয়ার ১০টি শীর্ষ দেশের মধ্যে শ্রীলঙ্কার অবস্থান নবম। স্বাস্থ্য খাতে বিশ্বে শীর্ষ অবস্থানে আছে সিঙ্গাপুর। দ্বিতীয় অবস্থানে আছে ইতালি।
ব্লুমবার্গের র্যাংকিংয়ে স্বাস্থ্যগত ঝুঁকি ও স্বাস্থ্য খাতে পৃথকভাবে নম্বর দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতির সঙ্গে এই খাতের ঝুঁকি বিয়োগ দিয়ে দেশগুলোর অবস্থান চিহ্নিত করা হয়েছে। স্বাস্থ্য খাতের মোট চারটি ক্ষেত্রে ১০০ নম্বর দেওয়া হয়। এর মধ্যে গড় আয়ু ও শিশুমৃত্যুর হার (১০ নম্বর), সংক্রামক ও অসংক্রামক রোগ (৪০ নম্বর), মানুষের মৃত্যুর হার (৪০ নম্বর) এবং ৬৫ বছরের বেশি নারী ও পুরুষের আয়ুষ্কাল (১০ নম্বর)।