স্বাস্থ্য খাতে বাজেট কম, অব্যবস্থাপনা বেশি
অন্যান্য দেশে যখন ক্রমশ স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে, বাংলাদেশ হাঁটছে উল্টো পথে। একই সঙ্গে এই অল্প টাকা ব্যয়ে এত অব্যবস্থাপনা হচ্ছে যে মানুষ সেবা পাচ্ছে খুবই কম। স্বাস্থ্য খাতে জিডিপির দশমিক ৭৩ শতাংশ বরাদ্দের এভাবেই সমালোচনা করেছে জাতীয় স্বাস্থ্য অধিকার আন্দোলনসহ বেশ কয়েকটি সংগঠন।
সংগঠনগুলো বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, জনপ্রতি বার্ষিক স্বাস্থ্যসেবা বাবদ প্রয়োজন ৫৪ ডলার। বাংলাদেশে খরচ হচ্ছে ২৮ ডলার। তার মধ্যে সরকারের অবদান মাত্র ৯ ডলার। সরকারি স্বাস্থ্যসেবা থেকে যথেষ্ট উপকার না পাওয়ায় মানুষ বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে যাচ্ছে।
আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জাতীয় স্বাস্থ্য বাজেট ২০১৫-১৬’ শীর্ষক এক মতবিনিময় সভায় এই আলোচনা হয়। মতবিনিময় সভাটির আয়োজক ছিল জাতীয় স্বাস্থ্য অধিকার আন্দোলন, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট, বাপার পরিবেশ ও স্বাস্থ্য কর্মসূচি এবং হেলথ রিপোর্টার্স ফোরাম।
সভায় ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের চেয়ারপারসন ও বারডেমের মহাপরিচালক নাজমুন নাহার বলেন, স্বচ্ছতার সঙ্গে টাকা খরচ না করে স্বাস্থ্য খাতে শুধু টাকা খরচ করলে মানুষের কোনো লাভ হবে না। তিনি বলেন, ‘দেশে এখন সরকারি মেডিকেল কলেজের তুলনায় বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যা প্রায় দ্বিগুণ। যারা লাখ লাখ টাকা খরচ করে এমবিবিএস ডিগ্রি পাচ্ছে, তাঁরা গ্রামে সেবা দেবে, সেটা আশা করেন কীভাবে?’ তিনি আরও বলেন, জনগণের করের টাকায় জনপ্রতিনিধিরা বিদেশে চিকিৎসা করান। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি মেডিকেল কলেজ স্থাপন করেছে। তাদেরও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে টাকা দেওয়া হচ্ছে। অথচ তারা কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হচ্ছে না। লাভের আশায় তারা মেডিকেল কলেজ খুলছে। আর্মি মেডিকেল কলেজগুলোর ব্যয় প্রতিরক্ষা খাত থেকে যাওয়া উচিত। এর সঙ্গে তিনি যোগ করেন, উন্নয়নের কথা বললেই মন্ত্রণালয় ‘প্রজেক্ট’ নিয়ে আসতে বলে। ‘প্রজেক্ট’ চিকিৎসকদের চোর বানাচ্ছে বলেও সমালোচনা করেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য শিদ-ই-মাহবুব বলেন, কমিউনিটি ক্লিনিকে কোনো চিকিৎসক না থাকায় এগুলো সরকারি হাতুড়ে চিকিৎসাকেন্দ্রে পরিণত হয়েছে। এ ছাড়া অর্থমন্ত্রী ‘কমিউনিটি ক্লিনিক, মিনি ল্যাপটপ হবে ডাক্তার, টেলিমেডিসিন সেবা সম্প্রসারণ’ বলে যে মন্তব্য করেছেন সে সম্পর্কে তিনি বলেন, প্রয়োজনীয় চিকিৎসা সেবার মানদণ্ডের বিবেচনায় চিকিৎসক না দিয়ে কমিউনিটি ক্লিনিকে ‘খেলনাসম আয়োজন’ অর্থের অপচয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আবদুল মতিন বলেন, স্বাস্থ্য ব্যবস্থাপনার নামে সরকার যে টাকা ব্যয় করছে তার সবটাই অপচয় হচ্ছে।
হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ বলেন, প্রয়োজন অনুযায়ী যন্ত্রপাতি কেনা হবে এমন কথা বললেও এখনো ইচ্ছেমতো কেনাকাটা করা হচ্ছে।