স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ কম, অপচয় ও চুরি বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বাজেট ও স্বাস্থ্য খাতে বরাদ্দ নিয়ে এক মতবিনিময় সভায় জনস্বাস্থ্যবিদ, জ্যেষ্ঠ চিকিৎসক ও সাংবাদিকেরা বলেছেন, স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দ কমে যাচ্ছে। অন্যদিকে অব্যবস্থাপনা, অপচয় ও চুরি বেশি হচ্ছে।
গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জাতীয় স্বাস্থ্য বাজেট ২০১৫-১৬’ শিরোনামে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। জাতীয় স্বাস্থ্য অধিকার আন্দোলন, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট, বাপা এবং হেলথ রিপোর্টার্স ফোরাম এর আয়োজন করে।
আয়োজক সংগঠনগুলো স্বাস্থ্য খাতে জিডিপির দশমিক ৭৩ শতাংশ বরাদ্দের সমালোচনা করে। সংগঠনগুলো বলছে, অন্যান্য দেশে যখন ক্রমশ স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে, বাংলাদেশ তখন উল্টো পথে হাঁটছে। একই সঙ্গে এই অল্প টাকার ব্যয়ে এত অব্যবস্থাপনা হচ্ছে যে আদতে মানুষ সেবা পাচ্ছে খুবই কম। আয়োজকেরা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে জনপ্রতি বার্ষিক স্বাস্থ্যসেবা বাবদ প্রয়োজন ৫৪ ডলার। বাংলাদেশে খরচ হচ্ছে ২৮ ডলার। তার মধ্যে আবার সরকারের অবদান মাত্র ৯ ডলার। সরকারি স্বাস্থ্যসেবা থেকে যথেষ্ট উপকার না পাওয়ায় মানুষ বেসরকারি স্বাস্থ্যসেবাকেন্দ্রে যাচ্ছে বলে তাঁরা মন্তব্য করেন।
ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের চেয়ারপারসন ও বারডেমের মহাপরিচালক নাজমুন নাহার বলেন, আর্মি মেডিকেল কলেজগুলোর ব্যয় প্রতিরক্ষা খাত থেকে যাওয়া উচিত। উন্নয়নের কথা বললেই মন্ত্রণালয় ‘প্রজেক্ট’ নিয়ে আসতে বলে। ‘প্রজেক্ট’ চিকিৎসকদের চোর বানাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রশীদ-ই-মাহবুব বলেন, কমিউনিটি ক্লিনিকে কোনো চিকিৎসক না থাকায় এগুলো সরকারি হাতুড়ে চিকিৎসাকেন্দ্রে পরিণত হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুল মতিন বলেন, স্বাস্থ্য ব্যবস্থাপনার নামে সরকার যে টাকা ব্যয় করছে, তার সবটাই অপচয় হচ্ছে। সভায় অন্যদের মধ্যে বেসরকারি হাসপাতাল হেলথ অ্যান্ড হোপের চেয়ারম্যান লেনিন চৌধুরী, হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ বক্তব্য দেন।