স্বাস্থ্য খাতে ব্যয় নিয়ে গর্ব করা যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, স্বাস্থ্য খাতে ব্যয় নিয়ে গর্ব করা যায় না। এ দেশে মাথাপিছু বছরে স্বাস্থ্য ব্যয় প্রতিবেশী দেশগুলোর চেয়ে কম। জনস্বাস্থ্য কর্মকাণ্ডেও বরাদ্দ খুবই কম। দিন দিন স্বাস্থ্য খাতে সরকারের ব্যয়ের অংশ কমে যাচ্ছে।
‘বাংলাদেশ জাতীয় স্বাস্থ্য হিসাব ১৯৯৭-২০১২’ আনুষ্ঠানিক প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁরা এসব কথা বলেন। গতকাল বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে সরকারের হেলথ ইকোনমিকস ইউনিট এ অনুষ্ঠানের আয়োজন করে।
স্বাস্থ্য খাতের জাতীয় হিসাব উপস্থাপনের সময় হেলথ ইকোনমিকস ইউনিটের মহাপরিচালক মো. আশাদুল ইসলাম বলেন, বাংলাদেশে মাথাপিছু স্বাস্থ্য ব্যয় ২৭ মার্কিন ডলার। প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভুটানে সবচেয়ে বেশি, ৯০ ডলার। শ্রীলঙ্কায় ৮৯ ডলার। ভারত ও পাকিস্তানে মাথাপিছু স্বাস্থ্য ব্যয় যথাক্রমে ৬১ ও ৩৯ ডলার। নেপালেও এ ব্যয় বাংলাদেশের চেয়ে বেশি, ৩৬ ডলার। একমাত্র মিয়ানমারে মাথাপিছু স্বাস্থ্য ব্যয় বাংলাদেশের চেয়ে কম। ওই দেশে স্বাস্থ্য ব্যয় ২০ ডলার।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, বাংলাদেশ স্বাস্থ্য খাতে বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। কিন্তু স্বাস্থ্য খাতে মাথাপিছু ২৭ ডলার ব্যয় নিয়ে গর্ব করা যায় না। তিনি বলেন, চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসার মানও সন্তোষজনক নয়।
মুক্ত আলোচনা পর্বে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ইসমাইল হোসেন খান বলেন, চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা খাতে স্বাস্থ্য ব্যয় খুবই কম। সরকারের বরাদ্দও কমে যাচ্ছে।