স্বাস্থ্য খাতে মানুষের ব্যয় বাড়লেও কমছে সরকারি বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য খাতে মানুষের ব্যয় দিন দিন বাড়ছে। অন্যদিকে এ খাতে সরকারি বরাদ্দ তুলনামূলকভাবে কমছে। দেশে গরিবদের চেয়ে ধনীরা সরকারি স্বাস্থ্যসেবার সুযোগ বেশি পাচ্ছে। এ পরিস্থিতি পরিবর্তনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি নাগরিক সমাজ ও গণমাধ্যমের নজরদারি ও সংশ্লিষ্টতা দরকার।

গতকাল বুধবার স্বাস্থ্য খাতে অর্থায়ন কৌশল বিষয়ে কর্মশালায় অংশগ্রহণকারীরা এসব কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি শাখা রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশে মাথাপিছু বার্ষিক স্বাস্থ্য ব্যয় ২৭ মার্কিন ডলার। এর মধ্যে সরকার খরচ করে ১০ ডলার। নাগরিক নিজের পকেট থেকে স্বাস্থ্য ব্যয়ের ৬৪ শতাংশ বহন করে।

কর্মশালার মূল উপস্থাপনায় স্বাস্থ্য অর্থনীতি শাখার মহাপরিচালক মো. আসাদুল ইসলাম বলেন, নতুন প্রযুক্তির ব্যবহার, রোগের ধরনে পরিবর্তন ও বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য ব্যয় বাড়ছে। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র ১ শতাংশ স্বাস্থ্য খাতে ব্যয় হয়। যে অর্থ বরাদ্দ হয়, তা-ও যথাযথভাবে ব্যয় হয় না। এ ব্যয়ের ক্ষেত্রেও বৈষম্য দেখা যায়। ধনীরা সরকারি স্বাস্থ্য সুযোগ বেশি ভোগ করে।

মন্ত্রণালয় ২০ বছর মেয়াদি (২০১২-২০৩০) স্বাস্থ্য খাতে অর্থায়ন কৌশল তৈরি করেছে। এর একটি উদ্দেশ্য সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার (ইউনিভার্সাল হেলথ কভারেজ) আওতায় দেশের মানুষকে আনা। এ জন্য সরকার স্বাস্থ্যবিমা চালু করবে। দারিদ্র্যসীমার নিচের মানুষের স্বাস্থ্য ব্যয় বহন করবে সরকার। বর্তমানে দেশের ১ শতাংশ মানুষ মূলত বেসরকারি স্বাস্থ্যবিমার আওতায় আছে।

আসাদুল ইসলাম বলেন, চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে ১৫ শতাংশ মানুষ আর্থিক বিপর্যয়ের মধ্যে পড়ে। অনুষ্ঠানের সভাপতি স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন বলেন, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বা স্বাস্থ্যবিমার মতো বিষয় জনপ্রিয় করার ক্ষেত্রে গণমাধ্যম বড় ভূমিকা পালন করতে পারে।