স্বাস্থ্য খাতে সাফল্যের কৃতিত্ব সরকারের: মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, স্বাস্থ্য খাতে সাফল্যের কৃতিত্ব প্রথমত বাংলাদেশ সরকারের। একই অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা বলেছেন, মিয়ানমার, ভারত বা শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে তাঁরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সংক্রামক রোগের উদ্ভববিষয়ক ১৬তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র ও জাপানের রাষ্ট্রদূত এসব কথা বলেন।

আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআরবি) অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে ‘যুক্তরাষ্ট্র-জাপান যৌথ চিকিৎসাবিজ্ঞান কর্মসূচি’।

ড্যান ডব্লিউ মজীনা বলেন, ১৫ বছর আগে তাঁরা প্রথম যখন কাজ করতে এসেছিলেন তখন বাংলাদেশে সংক্রামক রোগের প্রাদুর্ভাব খুব  বেশি ছিল। হাসপাতালের মেঝে রোগীতে ভরা থাকত, বিশেষ করে শিশুদের সংখ্যা বেশি দেখা যেত। এখন তা অতীত। বাংলাদেশ মাতৃমৃত্যু ও পাঁচ বছরের কম     বয়সী শিশুদের মৃত্যুর হার কমিয়েছে।   এই সাফল্যের কৃতিত্ব বাংলাদেশ সরকারের। সরকার জনগণের স্বাস্থ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এর সর্বশেষ উদাহরণ শিশুদের ব্যাপকভিত্তিক টিকাদান।

অনুষ্ঠানে জানানো হয়, যুক্তরাষ্ট্র-জাপান যৌথ চিকিৎসাবিজ্ঞান কর্মসূচি শুরু হয়েছিল ১৯৬৫ সালে। জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা বলেন, এই কর্মসূচি থেকে   জাপানের বিজ্ঞানীরা বিশেষ লাভবান হয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে কাজ করতে জাপান স্বাচ্ছন্দ্য বোধ করে। তিনি একসঙ্গে কাজ করার জন্য বাংলাদেশের বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান।

ইউরোপ, আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তের ৫০ জনের বেশি শীর্ষ বিজ্ঞানী ও গবেষক এই সম্মেলনে যোগ দিচ্ছেন। নতুন নতুন   সংক্রামক রোগের প্রকোপ মোকাবিলার পন্থা, চিকিৎসা ও ওষুধ প্রতিরোধী রোগের জীবাণু নিয়েও এই সম্মেলনে বৈজ্ঞানিক আলোচনা হবে। আগামীকাল এই সম্মেলন  শেষ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম পূর্ণাঙ্গ অধিবেশনে আইসিডিডি-আরবির নির্বাহী পরিচালক জন ডি ক্লেমেন্স বিদেশি বিজ্ঞানীদের    সামনে আইসিডিডিআরবির  ইতিহাস, আবিষ্কার, কর্মকাণ্ড তুলে ধরেন। চিকিৎসা ও স্বাস্থ্যবিষয়ক প্রখ্যাত সাময়িকী ল্যানসেট উদ্ধৃত করে    তিনি বলেন, চিকিৎসাবিজ্ঞানে বিশ শতকের সেরা আবিষ্কার ওআরএস (খাওয়ার স্যালাইন) ছিল এই প্রতিষ্ঠানের উদ্ভাবন। এই প্রতিষ্ঠানে এখন চার হাজার ৮০০ কর্মকর্তা-কর্মচারী কাজ করেন, এঁদের      মধ্যে ২০০ জন বিজ্ঞানী। পৃথিবীর শীর্ষস্থানীয় প্রায় ১০০টি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে আইসিডিডিআরবি যৌথভাবে কাজ করে।

একই অধিবেশনে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, সংক্রামক রোগ শনাক্ত ও নজরদারি করার ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা আন্তর্জাতিক মানের। তিনি বলেন, রোগ শনাক্ত ও নজরদারি করার জন্য অন্তত আটটি কর্মসূচি আছে সরকারের।