সফররত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক মার্গারেট চ্যান দূরদর্শী নেতৃত্ব এবং মানব উন্নয়ন কর্মসূচিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের অঙ্গীকারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন। চ্যান গতকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত্ করেন। তিনি আশা প্রকাশ করেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাবে। খবর বাসসের।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, নারী উন্নয়ননীতি ও কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবা কর্মসূচি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্যও স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক শেখ হাসিনা ও তাঁর সরকারের প্রশংসা করেন।প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে তাঁর সরকার এর আগেরবার ক্ষমতায় থাকাকালে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারা দেশে ১৮ হাজার কমিউনিটি হেলথ কেয়ার ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেয়; কিন্তু পরবর্তী সময়ে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার এ ধরনের একটি মানবিক কর্মসূচি বাতিল করে দেয়।