স্বাস্থ্য খাতে ৩৩ হাজার পদ শূন্য জনবল তৈরির পরিকল্পনা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে ৩৩ হাজার পদ খালি পড়ে আছে। যে জনবল নিয়োজিত, তাতেও ভারসাম্য নেই। অন্যদিকে জনবল তৈরির ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনাও নেই। বর্তমান ধারা অব্যাহত থাকলে স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি খাতে জনবল সমস্যা দূর হতে ৭০ বছর লাগবে।গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাতে মানবসম্পদ উন্নয়নবিষয়ক কর্মশালায় স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা এসব কথা বলেছেন। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ এনইসি ভবন মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে। সরকার অংশীদারিমূলক প্রেক্ষিত পরিকল্পনা (২০১০-২১) প্রণয়নের জন্য যে ধারাবাহিক কর্মশালা করছে, এ কর্মশালা ছিল তারই অংশ।কর্মশালায় অংশগ্রহণকারীরা বলেন, স্বাস্থ্য খাতে বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্জন রয়েছে। এর মধ্যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, যক্ষ্মা রোগী শনাক্ত ও নিরাময়ে লক্ষ্য অর্জন, মানুষের গড় আয়ু বৃদ্ধি এবং শিশুমৃত্যুর হার হ্রাস উল্লেখযোগ্য।এ দেশের কিছু অন্তর্নিহীত শক্তি আছে, যার ওপর ভিত্তি করে স্বাস্থ্য খাত এগিয়ে যেতে পারে বলে তাঁরা মন্তব্য করেন। কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য খাতের অবকাঠামো অনেক উন্নত, ওষুধশিল্প শক্তিশালী, বেসরকারি খাত দৃঢ়, নারীর ক্ষমতায়ন ঘটেছে, তথ্যপ্রযুক্তি দ্রুত বিকশিত হচ্ছে, আছে শক্তিশালী বেসরকারি খাত।কর্মশালায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক যুগ্ম সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পরিকল্পনা কমিশনের কর্মকর্তা, স্বাস্থ্য ও জনসংখ্যা নিয়ে কাজ করে এমন এনজিওর প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালা শুরুর আগে সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম বলেন, দীর্ঘমেয়াদি লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণের জন্য সরকার অংশীদারিমূলক প্রেক্ষিত পরিকল্পনা তৈরি করছে ২০২১ সাল সামনে রেখে। তিনি বলেন, প্রেক্ষিত পরিকল্পনার সঙ্গে সংগতি রেখে ষষ্ঠ ও সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ অন্যান্য নীতি প্রণীত হবে। গতকাল শিক্ষা বিষয়ে পৃথক তিনটি কর্মশালা অনুষ্ঠিত হয়।একাধিক অংশগ্রহণকারী বলেন, পেশাজীবী সংগঠন হিসেবে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। একজন বলেন, বিএমএ ‘মার্কেটিং এজেন্টে’ পরিণত হয়েছে। অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের সংশ্লিষ্টতা বৃদ্ধি, স্বাস্থ্য প্রশাসনে সুশাসন প্রতিষ্ঠা, দক্ষ জনবল তৈরির উদ্যোগ, অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি—এসব বিষয়কে স্বাস্থ্য খাতের লক্ষ্য অর্জনের কৌশল হিসেবে তুলে ধরেন।